পিরোজপুরের গণমাধ্যমে নতুন সংযোজন, প্রকাশিত হলো ‘জনপথ প্রতিদিন'
পিরোজপুরের গণমাধ্যম অঙ্গনে যুক্ত হলো নতুন দৈনিক পত্রিকা ‘জনপথ প্রতিদিন’। বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে পত্রিকাটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম। সঞ্চালনা করেন পত্রিকাটির প্রকাশক মো. নাঈম তালুকদার।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন রাসিক প্রশাসক
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জহিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইফতেখারুল ইসলাম শামীম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও পিরোজপুর চেম্বার অব কমার্সের সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু এবং জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল হক। এ ছাড়া জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা অনুষ্ঠানে অংশ নেন।
পত্রিকাটির আত্মপ্রকাশ উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন ইউএনবির জেলা প্রতিনিধি ও জ্যেষ্ঠ সাংবাদিক মাহমুদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ সাংবাদিক এম এ রব্বানী ফিরোজ, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার জ্যেষ্ঠ সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলী ও ডেইলি অবজারভার এর জেলা প্রতিনিধি জেষ্ঠ সাংবাদিক জিয়াউল আহসান, ‘পিরোজপুরের কণ্ঠ’ পত্রিকার সম্পাদক জেষ্ঠ সাংবাদিক ফসিউল ইসলাম বাচ্চু, দৈনিক আমাদের সময় এর জেলা প্রতিনিধি জ্যেষ্ঠ সাংবাদিক খালিদ আবু, দৈনিক জনপথ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক খেলাফত হোসেন খসরু এবং পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ।
আরও পড়ুন: কুশিয়ারার দুই তীরে বাংলাদেশ-ভারতের মানুষের মিলনমেলা, জকিগঞ্জে দুর্গোৎসবের বিদায়
বক্তারা নতুন পত্রিকা প্রকাশের উদ্যোগকে স্বাগত জানান এবং এর সাফল্য কামনা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্যনিষ্ঠ সাংবাদিকতা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরার মাধ্যমে ‘জনপথ প্রতিদিন’ পিরোজপুরের মানুষের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে পত্রিকাটির স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম চৌধুরী, জেলা প্রতিনিধি জিয়াউল হক এবং উপজেলা প্রতিনিধি আবুল কালাম ও নাজমুল হোসেনসহ স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিরা কেক কাটেন এবং পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন। ‘মাটি ও মানুষের কণ্ঠস্বর’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা দৈনিক জনপথ প্রতিদিন পিরোজপুরের স্থানীয় সংবাদ, জনদুর্ভোগ, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরবে—এমন প্রত্যাশা অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিদের।





