বাঙালিয়ানার সাজে জয়া, ক্যাপশনে প্রেমের বেদনার গান
অভিনয়ের পাশাপাশি নিজের ফ্যাশন ও সাজপোশাকের বৈচিত্র্য দিয়েও ভক্তদের মুগ্ধ করেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কখনো আধুনিক লুকে, আবার কখনো বাঙালির ঐতিহ্যবাহী সাজে ধরা দিয়ে বারবার আলোচনায় আসেন তিনি। এবার অফহোয়াইট শাড়ি, খোলা চুলে বেলি ফুলের গাজরা আর প্রেমের বেদনা মাখা গানের কথায় নজর কেড়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন সাজের একটি ভিডিও প্রকাশ করেছিলেন জয়া। এবার একই সাজে কয়েকটি স্থিরচিত্র শেয়ার করেছেন তিনি। ছবিগুলো প্রকাশের পর তাঁর স্নিগ্ধ রূপ ও বাঙালিয়ানার উপস্থিতি নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
আরও পড়ুন: চার জুটির প্রেম, মান-অভিমান নিয়ে আসছে ‘ক্যাফে আমব্রেলা’
ছবিতে জয়ার পরনে রয়েছে অফহোয়াইট রঙের সুতি শাড়ি। শাড়ির পাড়ে ধূসর ও গোলাপি নকশার কাজ তাঁর সাজে যোগ করেছে ভিন্ন মাত্রা। সঙ্গে মানানসই ব্লাউজ, কানে ভারী দুল, হাতে অলংকার আর খোলা চুলে বেলি ফুলের গাজরা—সব মিলিয়ে ঐতিহ্যবাহী বাঙালি নারীর রূপে ধরা দিয়েছেন তিনি।
স্থিরচিত্রগুলোতে নানা ভঙ্গিতে দেখা গেছে অভিনেত্রীকে। কখনো পেছন ফিরে চুলের ফুলের সাজ তুলে ধরেছেন, আবার কখনো মৃদু হাসিতে ক্যামেরার দিকে তাকিয়েছেন। তাঁর স্নিগ্ধ অভিব্যক্তি ও সাবলীল উপস্থিতি ছবিগুলোকে করে তুলেছে আরও আকর্ষণীয়।
আরও পড়ুন: মায়ের সঙ্গে দুর্গাপ্রতিমা সাজানোই ছিল শৈশবের পূজার আনন্দ: মন্দিরা চক্রবর্তী
তবে শুধু সাজেই নয়, ছবির ক্যাপশনেও বাঙালির চিরচেনা প্রেমের অনুভূতি তুলে ধরেছেন জয়া। বাউল সম্রাট শাহ আবদুল করিমের জনপ্রিয় গানের পঙ্ক্তি উদ্ধৃত করে তিনি লিখেছেন, ‘সখি তোরা প্রেম করিয়ো না, পিরিত ভালা না, প্রেম করছে যে জন জানে সে জন পিরিতের কী বেদনা।’
জয়ার ঐতিহ্যবাহী সাজের সঙ্গে প্রেমের বিরহমাখা গানের এই পঙ্ক্তি যেন ছবিগুলোতে যোগ করেছে অন্য রকম আবহ। পোস্টের মন্তব্যের ঘরে ভক্তদের অনেকেই অভিনেত্রীর সৌন্দর্য ও স্নিগ্ধ উপস্থিতির প্রশংসা করছেন।





