বর্ষার পানি কমতেই ব্যস্ত কৃষকরা, চলছে বীজ বপনের প্রস্তুতি

Sadek Ali
সোনারগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ১:৫০ অপরাহ্ন, ০১ নভেম্বর ২০২৬ | আপডেট: ৪:০৮ অপরাহ্ন, ০১ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বর্ষার পানি নামতে শুরু করায় আগাম প্রস্তুতি হিসেবে কৃষকদের মাঝে ব্যস্ততা বেড়ে গেছে। কার্তিক মাসের এই সময়ে উপজেলার নিম্নাঞ্চল থেকে বর্ষার পানি পুরোপুরি নেমে যাওয়ায় জেগে উঠেছে পলিমাটি সমৃদ্ধ ফসলি জমি। বর্তমানে কৃষকরা তাদের খেতখামার পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং ধানের বীজ বপনের কাজে ব্যস্ত সময় পার করছেন। ​

খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘ সময় পানির নিচে তলিয়ে থাকায় ফসলি জমিতে প্রচুর কচুরিপানা ও বিভিন্ন প্রজাতির ঘাস জন্মেছিল। পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই কৃষকরা দলবেঁধে বা এককভাবে এসব আবর্জনা ও আগাছা পরিষ্কার করতে শুরু করেছেন, যেন জমি চাষের উপযোগী করে তোলা যায়। ​স্থানীয় কৃষকরা জানান, কার্তিক মাস হলো আমন ও পরবর্তী ইরি, আটাশ, উনত্রিশ, পাইজন ধান বা শীতকালীন ফসলের প্রস্তুতি নেওয়ার উপযুক্ত সময়। এ সময় কৃষকরা জমিতে ধানের বীজ বুনে থাকেন।

আরও পড়ুন: সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ, বাতিল ১৬৫ ফ্লাইট

কার্তিক মাসে বীজতলায় ছিটানো বীজ বড় বা হালি হয়ে ওঠার পর, পরবর্তী অগ্রহায়ণ মাসে তা মূল জমিতে রোপণ করা হয়। ​সোনারগাঁওয়ের গ্রামীণ জনপদে এখন চারদিকে কৃষকদের এই কর্মব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং সঠিক সময়ে চারা রোপণ করা গেলে এ বছর বাম্পার ফলন পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করছেন স্থানীয় কৃষকরা।