আন্দোলনের নামে সহিংসতায় জড়িতদের উদ্দেশ্য ভিন্ন স্বরাষ্ট্রমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ন, ০২ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:৩৪ অপরাহ্ন, ০২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন বর্তমানে চলমান নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। এরপরও যারা আন্দোলনের নামে সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াচ্ছে, তাদের উদ্দেশ্য ভিন্ন।

সোমবার (২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে গার্মেন্টস শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন: ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, অনুমোদন দিল মন্ত্রিসভা

তিনি বলেন, শ্রমিকদের মূল দাবি ছিল মজুরি বোর্ড গঠন করা। সরকার সেই দাবি অনুযায়ী বোর্ড গঠন করেছে। কিন্তু মজুরি বোর্ড গঠনের দাবিতে শ্রমিকরা কখনো সড়ক-মহাসড়ক অবরোধ করেননি। সম্প্রতি যাদের মুখোশধারী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে, তাদের কাছ থেকে রাজনৈতিক স্লোগান দেওয়ার বিষয়টি সামনে এসেছে।

এর আগে সোমবার সকালে সচিবালয়ে গার্মেন্টস শিল্প মালিকদের নেতাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে নির্দিষ্ট সময়ের মধ্যেই শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে।

আরও পড়ুন: দিশার সঙ্গে এক বছরের প্রেম, ইয়াবা নিয়ে বিরোধ; তাহসিফের শেষ রাতের বর্ণনা দিলেন দীপ

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের লক্ষ্যে রোববার (১ নভেম্বর) মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সোমবার বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তা সম্ভব না হলে খুব শিগগিরই সভা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, মজুরি নির্ধারণের বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করা হবে। শ্রমিকদের জীবনযাত্রার মান ও বর্তমান বাস্তবতা বিবেচনায় নিয়ে যত দ্রুত সম্ভব নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করে ঘোষণা করা হবে। এ বিষয়ে অযথা অসন্তোষের কোনো কারণ নেই।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, প্রধানমন্ত্রী শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ এবং জীবনমান উন্নয়নের বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন। শ্রমিকদের সমস্যাগুলো সহানুভূতির সঙ্গে বিবেচনা করে বাস্তবতার নিরিখে মজুরি নির্ধারণের পরামর্শ দিয়েছেন তিনি।

গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিল্প মালিকদের কাছে সরকারের পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হয়েছে। তারাও সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

তিনি জানান, কিছু শিল্প মালিক উদ্দেশ্যমূলকভাবে কারখানা বন্ধ রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের মালিক ও কারখানার তালিকা সরকারের কাছে দেওয়ার জন্য মালিক নেতাদের অনুরোধ করা হয়েছে। পাশাপাশি শ্রমিকদের মধ্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে—এমন কিছু শ্রমিক নেতা ও সংগঠনের নামের তালিকাও চাওয়া হয়েছে।

তবে কোনো শ্রমিক কিংবা শ্রমিক সংগঠন শ্রমিকদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে না বলে আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।