কাশিমপুর কারাগারের কয়েদির পেট থেকে অর্ধশতাধিক গ্যাস লাইটার ও স্ক্রু উদ্ধার

Sadek Ali
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ন, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:৫৩ পূর্বাহ্ন, ১২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এক কয়েদির পেটে মিলেছে অর্ধশতাধিক গ্যাস লাইটার। তীব্র পেটব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তাঁর পেটে এসব ধাতব বস্তু ও অন্যান্য সামগ্রীর অস্তিত্ব ধরা পড়ে। পরে অস্ত্রোপচার করে অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা বের করেন চিকিৎসকরা। ওই কয়েদির নাম হাসমত আলী (৪৪)। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের মৃত ছমেদ আলী ওরফে ছমের ছেলে। একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে তিনি কারাগারে বন্দি রয়েছেন। কারাগার সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় হাসমত আলীর পেটে তীব্র ব্যথা শুরু হয়। পরে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে স্থানান্তর করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কারা কর্তৃপক্ষ জানায়, চিকিৎসকরা তাঁর শারীরিক সমস্যাকে ‘অ্যাকিউট অ্যাবডোমিনাল উইথ এপিগ্যাস্ট্রিক মাস’ হিসেবে শনাক্ত করেন। পরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষায় পেটের ভেতরে বিভিন্ন ধরনের বস্তু থাকার বিষয়টি নিশ্চিত হন চিকিৎসকরা। 

আরও পড়ুন: লক্ষ্মীপুরে দুটি দুধের কৌটায় মিলল ১১ আইইডি বোমা, নিষ্ক্রিয় করল ডিএমপি

গত ৪ নভেম্বর অস্ত্রোপচার করে তাঁর পেট থেকে অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা বের করা হয়।

এ বিষয়ে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন জানান, হাসমত আলী দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত। তাঁর বাবা হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কারাগারে বন্দি অবস্থায় মানসিক কষ্ট ভুলে থাকতে বিভিন্ন কাজে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করলে কারা কর্তৃপক্ষ তাঁকে পরিচ্ছন্নতাকর্মীর দায়িত্ব দেয়।

আরও পড়ুন: নীলফামারীতে বিসিকের উদ্যোগে পাঁচদিন ব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

তিনি আরও জানান, পরিচ্ছন্নতার কাজ করার সময় বিভিন্ন ময়লা-আবর্জনা থেকে গ্যাস লাইটার সংগ্রহ করে সেগুলো খেয়ে ফেলতেন ওই কয়েদি। 

এভাবে একপর্যায়ে তাঁর পেটে বিপুল পরিমাণ বস্তু জমা হয়। পরে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে পাঠানো হয়।

সিনিয়র জেল সুপার আরও জানান, বর্তমানে হাসমত আলী সুস্থ রয়েছেন। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জের অধীনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।