‘আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল শরীরে করব’, চাঁদার দাবিতে হুমকি

Shahrier Islam Pallab
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ৫:৫৯ পূর্বাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের ভূমি ব্যবসায়ী জাফর আহমদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করছিল দুর্বৃত্তরা। পাত্তা না দেওয়ায় গত সোমবার (১৬ নভেম্বর)   গভীর রাতে তার বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এরপর আবার ফোন করে প্রাণনাশের হুমকি দিয়ে বলা হয়, ‘কাফনের কাপড় কিনে রাখতে।’ ব্যবসায়ী জাফর আহমদের বাড়ি নগরের বায়েজিদ বোস্তামী থানার মধ্যম শহীদনগর এলাকায়। তার মূল বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়।

জাফর আহমদের দাবি, বিদেশি একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বারবার ফোন করে তার কাছে চাঁদা দাবি করা হচ্ছিল। ফোনে রায়হান পরিচয় দেওয়া হয়। সর্বশেষ গত বুধবারও তার কাছে চাঁদা চাওয়া হয়েছিল। তবে তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি।

আরও পড়ুন: গণভোট অবৈধ হলে সরকারও বৈধ নয়’— মামুনুল হক

জাফর আহমদ বলেন, রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে আমার বাড়ির ভবনের দ্বিতীয় তলার একটি জানালা লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ওই কক্ষে কেউ থাকতেন না। তবে গুলিতে জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরপরই আগের নম্বর থেকে আমাকে ফোন করা হয়। ফোনে বলা হয়, আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল তোর শরীরে করব, কাফনের কাপড় কিনে রাখিস।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানিয়েছেন, দুটি মোটরসাইকেলে করে চারজন গিয়ে জাফর আহমদের বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ওসি আরও জানিয়েছেন, ঘটনাস্থল থেকে একটি শটগানের খালি কার্তুজ ও ৭.৬২ বোরের পিস্তলের পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: আলু উৎপাদন ও গবেষণার অগ্রগতি দেখতে বিএআরআই পরিদর্শনে আন্তর্জাতিক আলু কেন্দ্রের প্রতিনিধিদল

পুলিশ সূত্রে জানা গেছে, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত রায়হান আলম ও ডেভিড ইমন গত প্রায় তিন বছর ধরে তার নামে চাঁদাবাজি করে আসছিলেন। গত জুলাইয়ে ডেভিড ইমন গ্রেপ্তার হয়ে কারাগারে যান। এরপর থেকে রায়হানের নামে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। তবে রায়হান এক ফেসবুক পোস্টে দাবি করেছিলেন, তার অজ্ঞাতসারে নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র চাঁদাবাজি করছে। তার বাড়িও রাউজান উপজেলায়।