যশোরে দুই আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
যশোরে পৃথক দুটি আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে কয়েক সেকেন্ডের ব্যবধানে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত সোয়া ৮টার দিকে যশোর শহরের প্রেস ক্লাবের বিপরীতে অবস্থিত জজ আদালতের সীমানাপ্রাচীর লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। বিকট শব্দে বিস্ফোরণের পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় সড়কে চলাচলকারী লোকজন থমকে দাঁড়ান।
আরও পড়ুন: ধান বিক্রিতে হিসাব মিলছে না কৃষকের
অন্যদিকে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা জানান, আলী হোসেন মনি সড়ক (প্যারিস রোড) সংলগ্ন আদালতের সীমানাপ্রাচীরের অপর পাশ থেকে অজ্ঞাত ব্যক্তিরা একটি ককটেল আদালত প্রাঙ্গণে নিক্ষেপ করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়।
ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) সাইফুল ইসলাম, যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
আরও পড়ুন: শেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি কবির হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে।





