ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

সাভারে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা-ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৪৯ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক ও হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাকসহ বিভিন্ন কারখানার শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। উদ্ভূত পরিস্থিতিতে আজকের জন্য ওই এলাকার বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ।

সংশ্লিষ্ট সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (মঙ্গলবার) সকালে নিজেদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে সাভারের হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়কের পদ্মার মোড় এলাকায় জড়ো হন শ্রমিকরা। একপর্যায়ে তারা সড়কটি অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বাধা দেন। এ সময় উত্তেজিত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

আরও পড়ুন: গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

এই ঘটনার জেরে নিরাপত্তার স্বার্থে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পদ্মার মোড় ও এর আশপাশের বেশ কয়েকটি কারখানার মালিকপক্ষ আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে।

অন্যদিকে, একই দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। তাদের এই অবরোধের ফলে ব্যস্ততম ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং প্রায় এক ঘণ্টা ধরে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও সাধারণ মানুষ।

আরও পড়ুন: জয় বাংলা স্লোগান দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন, পুড়ল পুলিশের গাড়ি

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু শ্রমিকরা অবরোধ তুলে নিতে অস্বীকৃতি জানালে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে ওই দুটি সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।