বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি ইরানের
দক্ষিণ ইরানের একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার প্রতিশোধ হিসেবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে এ হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র বা বাহরাইনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
শুক্রবার (১৩ নভেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: সুবিধাজনক সময়ে বাংলাদেশের সঙ্গে কনস্যুলার সংলাপের আশা ভারতের
প্রতিবেদনে বলা হয়, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা বৃহস্পতিবার সরকারি সূত্রের বরাত দিয়ে হরমোজগান প্রদেশের বন্দরনগরী সিরিকে ‘শত্রুদের গোলাবর্ষণের’ খবর প্রকাশ করে। এর কয়েক ঘণ্টা পরই বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি করে আইআরজিসি।
আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি হামলাটিকে ‘আগ্রাসী শত্রুদের’ প্রতি গুরুতর সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে আকাশসীমায় উসকানি ও তেল চোরাচালান বন্ধের আহ্বান জানিয়েছে বাহিনী।
আরও পড়ুন: এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি: ট্রাম্প
বিবৃতিতে বলা হয়, ‘যদি এই লঙ্ঘন ও আগ্রাসনের ঘটনা পুনরাবৃত্তি ঘটে, তবে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স সীমাহীনভাবে যুদ্ধে জড়ানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।’
আইআরজিসি-সংশ্লিষ্ট ফার্স সংবাদ সংস্থার দাবি, বাহিনীর অ্যারোস্পেস ফোর্স রাডার স্থাপনাটিকে লক্ষ্যবস্তু করে ধ্বংস করেছে। উল্লেখ্য, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত।
রয়টার্সের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের শুরুর পর এই প্রথম কোনো উপসাগরীয় দেশে মার্কিন সামরিক সম্পদে হামলার দাবি করল ইরান।
এমন পরিস্থিতিতে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি জোরদার করতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কানসহ বিভিন্ন গণমাধ্যম।
ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি নতুন করে যুদ্ধ শুরু করে, তাহলে পশ্চিম এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত যেকোনো স্থানে অবস্থিত সংশ্লিষ্ট সামরিক ঘাঁটিগুলো ইরানের হামলার বৈধ লক্ষ্যবস্তু হবে।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কাতারের উদ্যোগে চলমান কূটনৈতিক প্রক্রিয়া কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে তিনি আবারও যুদ্ধে ফিরতে প্রস্তুত। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের ওপর অর্থনৈতিক চাপ যথেষ্ট কার্যকর হচ্ছে। তাই বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু করার প্রয়োজন নেই।
এর আগে বুধবার আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছিলেন, হরমুজ প্রণালি আর কখনোই যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে যাবে না। তিনি আরও বলেন, ‘বল এখন আমেরিকার কোর্টে।’
এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তাদের বাহিনী এখনো ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ কঠোরভাবে কার্যকর করছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে এই যুদ্ধ শুরু হয়।
সূত্র: আল জাজিরা





