এক ফ্রেমে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী, কেন এই জুটি?

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:০৭ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

টালিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দুজনেই দীর্ঘদিন ধরে নিজেদের অভিনয়দক্ষতা দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। তবে এবার নতুন এক চমক নিয়ে হাজির হচ্ছেন এই দুই অভিনেত্রী। প্রথমবারের মতো একই সিনেমায় দেখা যাবে তাদের। জাতীয় পুরস্কারজয়ী পরিচালক অর্জুন দত্তের নতুন মনস্তাত্ত্বিক থ্রিলার ‘আরএসভিপি মার্ডার’-এ একসঙ্গে অভিনয় করবেন জয়া ও শ্রাবন্তী। পাহাড়ঘেরা মনোরম পরিবেশে নির্মিতব্য সিনেমাটিতে উঠে আসবে হত্যা, রহস্য, ঈর্ষা, সন্দেহ ও বিশ্বাসঘাতকতার এক জটিল গল্প।

প্রযোজক অভিজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী অভিজ্ঞান ড্রিমওয়ার্কস প্রাইভেট লিমিটেডের ব্যানারে নির্মিত হবে সিনেমাটি। এর সহ-প্রযোজক হিসেবে থাকছেন রূপম গোস্বামী।

আরও পড়ুন: বিটিভিতে নতুন অনুষ্ঠান ‘ফিরে এসো চিঠি'

সিনেমার গল্পের শুরু পাহাড়ি পরিবেশে আয়োজিত একটি আনন্দঘন অনুষ্ঠানকে কেন্দ্র করে। সেখানে অতিথিদের মধ্যে উৎসবের আমেজ থাকলেও হঠাৎ একটি অস্বস্তিকর বার্তা পুরো পরিস্থিতি পাল্টে দেয়। মুহূর্তেই আনন্দের পরিবেশে নেমে আসে রহস্যের ছায়া। এরপর সামনে আসে একটি হত্যাকাণ্ড। সেই হত্যার তদন্ত শুরু হলে একে একে উন্মোচিত হতে থাকে উপস্থিত ব্যক্তিদের জীবনের নানা অজানা অধ্যায়।

বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা মুখোশ, দাম্পত্য জীবনের জটিলতা, পারিবারিক দ্বন্দ্ব, ঈর্ষা আর বিশ্বাসঘাতকতার নানা দিক নিয়ে এগিয়ে যাবে সিনেমার কাহিনি। বাইরে থেকে স্বাভাবিক মনে হওয়া সম্পর্কগুলোর ভেতরেও যে জমে থাকতে পারে অসংখ্য গোপন সত্য, তা-ই উঠে আসবে গল্পে। রহস্য ও মনস্তাত্ত্বিক টানাপোড়েনের পাশাপাশি দর্শকদের জন্য থাকছে ডার্ক হিউমারের ছোঁয়াও।

আরও পড়ুন: আজ অনিরুদ্ধ-কাব্যর বিয়ে,গ্রিসে সম্পন্ন বাগদান

‘আরএসভিপি মার্ডার’-এর অন্যতম আকর্ষণ জয়া আহসান ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রথমবারের মতো একই পর্দায় উপস্থিতি। সিনেমাটিতে যুক্ত হওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শ্রাবন্তী। তিনি বলেন, ‘অর্জুনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। ছবির গল্প এবং আমার চরিত্রটা দারুণ। এর আগে এমন ধরনের চরিত্রে আমি কখনও অভিনয় করিনি। দর্শক আমাকে একদম নতুন রূপে দেখতে পাবেন।’

অন্যদিকে সিনেমাটি নিয়ে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন জয়া আহসানও। তার ভাষ্যে, ‘অর্জুন আমার অত্যন্ত পছন্দের একজন পরিচালক। আরএসভিপি মার্ডার একটি মার্ডার মিস্ট্রি, আর এই ছবির অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। চরিত্রটি ফুটিয়ে তোলার মধ্যে একটা আলাদা চ্যালেঞ্জ রয়েছে।’

জয়া ও শ্রাবন্তী ছাড়াও সিনেমাটিতে অভিনয় করবেন শিলাজিৎ মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, মিষ্টু (অভিপ্সা) চট্টোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়, লোকনাথ দে, অঙ্কিতা মাঝি, খেয়া চট্টোপাধ্যায় ও গৌরব রায়চৌধুরীসহ আরও অনেকে।

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আশীর্বাদ মৈত্র ও পরিচালক অর্জুন দত্ত। চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন সুপ্রতিম ভোল। সম্পাদনা করবেন সুজয় দত্ত রায়। সংগীত পরিচালনায় থাকছেন মৈনাক মজুমদার ও অভিজিৎ চট্টোপাধ্যায়। এ ছাড়া শিল্প নির্দেশনায় রণজিৎ ঘোড়াই এবং পোশাক পরিকল্পনায় রয়েছেন পৌলমী গুপ্ত।

সব মিলিয়ে পাহাড়ের সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকা সম্পর্কের অন্ধকার, এক রহস্যময় হত্যাকাণ্ড এবং একঝাঁক তারকার উপস্থিতিতে ‘আরএসভিপি মার্ডার’ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে জয়া ও শ্রাবন্তীর প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় দেখার অপেক্ষায় থাকবেন দুই অভিনেত্রীর ভক্তরা।