কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানার ফকিরাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন চকরিয়ার খুটাখালী এলাকার সাহাব উদ্দিন (৪৩) এবং লামা এলাকার বাসিন্দা ও পটিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুল ইসলাম (২৪)। নিহত অপর তিনজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন: খুলনায় গুলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারগামী হানিফ পরিবহণের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চকরিয়াগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পথচারীরা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
আরও পড়ুন: গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন: প্রধান অভিযুক্ত রফিকুল গ্রেপ্তার
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাজদার জানান, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।





