লাখাই-হবিগঞ্জ সড়ক চার লেনে উন্নীত হচ্ছে, ব্যয় ৬১৮ কোটি টাকা

Sadek Ali
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:০৩ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জের লাখাইয়ের বলভদ্র সেতু থেকে সদর উপজেলার কোর্ট স্টেশন পর্যন্ত প্রায় ২৬ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু হয়েছে। ৬১৮ কোটি টাকার এ প্রকল্প ১৮ মাসে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে বলভদ্র সেতু এলাকায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে কাজের উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ। এ সময় তিনি বলেন, ‘যে দল মানুষের কাছে দেওয়া কথা ও কাজের মিল রাখে, সেই দলই বিএনপি।’ প্রতিশ্রুতির অংশ হিসেবেই সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে উল্লেখ করে তিনি নির্বিঘ্নে কাজ শেষ করতে সবার সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন: গাজীপুরে শ্রমিক বিক্ষোভে উত্তাল দুই মহাসড়ক, ৭৫ কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩২টি

প্রকল্প সূত্রে জানা গেছে, সড়ক নির্মাণে ৩৯৬ কোটি টাকা, ভূমি অধিগ্রহণে ২১৯ কোটি ১৪ লাখ টাকা এবং ইউটিলিটি লাইন স্থানান্তরে ২ কোটি ৮৭ লাখ টাকা বরাদ্দ রয়েছে। চার লেন চালু হলে লাখাই ও হবিগঞ্জের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।