সম্পত্তির ভাগ বুঝিয়ে দিতে প্রবাসীর লাশ দাফনে বাধা
নরসিংদীর পলাশে সন্তানদের সম্পত্তির ভাগ বুঝিয়ে না দেওয়াকে কেন্দ্র করে সৌদি প্রবাসী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া রাসেল (৪০) নামে মৃত এক ব্যক্তির জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তারই স্ত্রী'র বিরুদ্ধে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় এমন ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অবশেষে দীর্ঘ ৫ ঘন্টা পর অর্থাৎ সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় থানা পুলিশের হস্তক্ষেপে মৃত ব্যক্তির জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহত ব্যক্তি ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাজারের সিরাজ উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: গাজীপুরে শ্রমিক বিক্ষোভে উত্তাল দুই মহাসড়ক, ৭৫ কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩২টি
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত প্রবাসী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া রাসেল গত ২৩ অক্টোবর সৌদি আরবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। দীর্ঘ এক মাস পর সোমবার বেলা ১২ টায় তার মরদেহ নিজ বাড়িতে পৌঁছায়। পরিবারের পক্ষ থেকে দুপুরে তার জানাজা ও দাফনের প্রস্তুতি নেওয়া হলে এরই মাঝে নিহতের দুই অপ্রাপ্তবয়স্ক সন্তানের নামে সম্পত্তির অংশ বুঝিয়ে দেওয়ার দাবি তোলেন স্ত্রী ও তার স্বজনরা।
তবে নিহতের বাবা সিরাজ উদ্দিন ও তার স্ত্রী দাফনের আগে সম্পত্তি বুঝিয়ে দিতে রাজি হননি। তবে নিহতের সন্তানরা প্রাপ্তবয়স্ক হলে তাদের প্রাপ্য সম্পত্তি বুঝিয়ে দেওয়া হবে বলে জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র মতবিরোধ ও বাকবিতন্ডতার সৃষ্টি হয়। ফলে মৃত ব্যক্তির জানাজা ও দাফনে বাধার সৃষ্টি হয়।
আরও পড়ুন: ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি মানিক, সম্পাদক জি কিবরিয়া
স্বজন সূত্রে জানা যায়, প্রায় ১১ বছর আগে বগুড়া উপজেলার ফুলতলা গ্রামের আমিরুল ইসলামের মেয়ে শারমিন আক্তারের (৩২) সঙ্গে পলাশ উপজেলা ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাজার গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে নিহত রাসেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং পরিবারের অমতেই দু'জনে বিয়ে করেন। কিন্তু বিয়ের পর থেকেই রাসেলের পরিবার শারমিনকে মেনে নিতে অস্বীকৃতি জানালে রাসেল তার স্ত্রী শারমিন আক্তারকে নিয়ে ভাড়া বাসা নিয়ে বসবাস শুরু করেন। তাদের সংসারে দু'টি সন্তান ( একটি ছেলে ও একটি মেয়ে) জন্মগ্রহণ করেন। এরপর সে জীবিকার তাগিদে সৌদিআরবে পাড়ি জমায়।
নিহত রাসেলের স্ত্রী শারমিন আক্তার বলেন, দীর্ঘ ১১ বছর আগে দু'জনের পরিবারের অমতে ভালোবেসে বিয়ে করেন তারা। বিয়ের কিছু দিন পর রাসেল তার পরিবারকে আমাকে মেনে নিতে চেষ্টা করেও ব্যর্থ হন।
তিনি আরও জানান, স্বামীর মরদেহ দেশের আসার খবর পেয়ে এখানে আসার পর আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে ঘরে উঠতে দিচ্ছে না। একপর্যায়ে আমি আমার স্বামী হারা অবুঝ সন্তানদের অধিকারের দাবি তোললে স্থানীয় অনেকেই আমার দাবিতে সম্মতি দিয়েছেন।
এদিকে নিহত রাসেলের পরিবারের অন্য সদস্যদের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও বক্তব্য নেওয়া যায় নি।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন জানান, সম্পত্তির জন্য লাশ দাফনে বাধা দেওয়া হচ্ছে, এমন খবরে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় আমি ও সঙ্গী অফিসার নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এরপর সামাজিক ব্যক্তিবর্গের সহায়তায় সিদ্ধান্ত হয় যে, নিহত রাসেলের স্ত্রী শারমিন আক্তার ও তার সন্তানরা এখন থেকে শ্বশুর বাড়িতেই থাকবে। পাশাপাশি তাদের ন্যায্য অধিকার থেকে যেন কোনোভাবেই বঞ্চিত করা না হয়, সে দিকেও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নজরে থাকবেন। পরে নিহত রাসেলের লাশ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, সম্পত্তি নিয়ে বিরোধের কারণে একজন মৃত ব্যক্তির জানাজা ও দাফন আটকে যাওয়ার মতো ঘটনা পলাশ উপজেলায় আগে কখনো ঘটেনি।





