মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:২৪ পূর্বাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মিরপুরের কাফরুলে পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। কয়েকজন নারী শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগ থেকে এ উত্তেজনার সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। ঘটনার পর কারখানা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে মিরপুর-১৩ নম্বর এলাকার লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানার আশপাশে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ডিএসসিসি প্রশাসকের সামনে বিএনপি নেতাকে ঘুসি, ডেমরায় দুই পক্ষের সংঘর্ষ

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, কারখানা দুটিতে প্রায় ৫ হাজার ১০০ শ্রমিক কর্মরত রয়েছেন। সকালে এসব কারখানার শ্রমিকরা পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের উৎপাদন কার্যক্রমে বাধা দেন। একপর্যায়ে ওই কারখানাগুলোর শ্রমিকদেরও বাইরে বের করে নিয়ে আসেন তারা।

এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ।

আরও পড়ুন: বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। একপর্যায়ে উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপরও কারখানা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।

অন্যদিকে, মিরপুর-১০ ও মিরপুর-১১ নম্বর এলাকার সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এসব এলাকায় পোশাকশ্রমিকদের সড়কে অবস্থান নেওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এবং মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

তবে মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম জানান, সকালে কাফরুল এলাকায় কিছুটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন আছেন।

উল্লেখ্য, সম্প্রতি ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলগুলোতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের একটি বড় অংশ মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানান। পাশাপাশি বকেয়া বেতন পরিশোধ, শ্রমিক ছাঁটাই বন্ধ, কর্মক্ষেত্রে হয়রানি বন্ধ এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবিও তোলেন তারা।

এসব আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন শিল্পাঞ্চলে সড়ক অবরোধ, কারখানায় উৎপাদন বন্ধ এবং শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে। পরিস্থিতি মোকাবিলায় গত ১ নভেম্বর পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের জন্য ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। তবে বোর্ড গঠনের পরও বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।