যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। এর মধ্যেই কুয়েতে ড্রোন হামলার খবর জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। অন্যদিকে হরমুজ প্রণালির কাছে ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটির রাডার ব্যবস্থায় ড্রোন হামলা চালানোর দাবি করে ইরান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কুয়েতের সামরিক বাহিনী জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ড্রোন হামলা প্রতিহত করছে। বিস্ফোরণের যেসব শব্দ শোনা যাচ্ছে, সেগুলো মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলা প্রতিহত করার কারণে হচ্ছে।
আরও পড়ুন: প্রথমবার একসঙ্গে দেখা গেল ট্রাম্প, পুতিন ও শি জিনপিংকে
তবে ড্রোনগুলো কোথা থেকে এসেছে কিংবা হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কুয়েতের সামরিক বাহিনী। একই সঙ্গে জনসাধারণকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এর আগে হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপে কয়েক দফা হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএকে দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের উপগভর্নর আহমাদ নাফিসি জানান, মার্কিন হামলায় আবাসিক, বাণিজ্যিক কিংবা অবকাঠামোগত কোনো স্থাপনার ক্ষতি হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং উদ্ধারকারী সংস্থাগুলো সতর্ক অবস্থানে আছে।
আরও পড়ুন: চীন-রাশিয়া ও মার্কিন প্রেসিডেন্টের প্রথম বৈঠকে কী আলোচনা হচ্ছে
আইআরএনএর প্রতিবেদনে মঙ্গলবার সন্ধ্যায় দ্বীপটিতে পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের শব্দ শোনার কথা জানানো হয়।
আলজাজিরাকে দেওয়া এক বক্তব্যে মার্কিন এক কর্মকর্তা জানান, কেশম দ্বীপের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের আগের হামলার জবাবে এ অভিযান চালানো হয়।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র পরিচালিত রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানের আকাশসীমায় মার্কিন সামরিক ড্রোনের বারবার প্রবেশের জবাবে এ অভিযান চালানো হয় বলে দাবি করেছে তারা।
বাহরাইনে মার্কিন রাডার ব্যবস্থায় ইরানের ড্রোন হামলা
বাহরাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও হামলা প্রতিহত করেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী মানামার আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
বাহরাইনে গত পাঁচ দিনের মধ্যে এটি ইরানের তৃতীয় ড্রোন হামলা। দেশটিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর রয়েছে।
হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজে মাইন বিস্ফোরণের দাবি
এদিকে মঙ্গলবার হরমুজ প্রণালি অতিক্রমের সময় তিনটি তেলবাহী জাহাজ নৌমাইনে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের সশস্ত্র বাহিনী। তবে মার্কিন সামরিক বাহিনীর দাবি, প্রণালির প্রধান নৌপথগুলো থেকে মাইন সরিয়ে ফেলা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করছে ইরান। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ইরান নির্ধারিত পথ ব্যবহার করেই জাহাজ চলাচলের নির্দেশ দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে এবং তেলবাহী জাহাজের নিরাপত্তায় পাহারা দিচ্ছে।
এ ছাড়া পানামার পতাকাবাহী ‘তারা গ্যাস’ নামের আরেকটি ট্যাংকার সোমবার ওমানের খাসাব উপকূলের প্রায় সাত নটিক্যাল মাইল উত্তরে হামলার শিকার হয়। এতে জাহাজটির ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায়।
নিরাপত্তা প্রতিষ্ঠান ভ্যানগার্ড এবং ভারতের বন্দরমন্ত্রী প্রাথমিকভাবে জানিয়েছিলেন, জাহাজটির ২৫ জন নাবিকই নিরাপদে রয়েছেন। তাঁদের মধ্যে ২৪ জন ভারতীয় নাগরিক।
তবে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সংস্থা জানায়, জাহাজটি দ্বিতীয়বার হামলার শিকার হওয়ার পর নাবিকদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে ভারতের বন্দরমন্ত্রী জানান, দ্বিতীয় হামলার পর নাবিকেরা জাহাজ ছেড়ে চলে যান এবং একজন ভারতীয় নাবিক নিখোঁজ রয়েছেন।
একই দিনে ওমান উপকূলে পানামার পতাকাবাহী ‘অন ফিনিক্স’ নামের আরেকটি ট্যাংকারও অজ্ঞাত বস্তু দিয়ে হামলার শিকার হয়।
যুদ্ধের মধ্যেই কূটনৈতিক তৎপরতা
সংঘাতের মধ্যে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে। ওমানের সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির সঙ্গে বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সমুদ্রপথের নিরাপত্তা ও কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন।
এদিকে সোমবার মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট।
অন্যদিকে বৃহস্পতিবার চীনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় সম্মেলনে বসার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ওই বৈঠকের আলোচ্যসূচিতে ইরান যুদ্ধও রয়েছে।
সূত্র: আলজাজিরা





