হাদি হত্যার মূল অভিযুক্ত ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছেন, স্বীকার করল ডিএমপি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ন, ২৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:৪৯ অপরাহ্ন, ২৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মামলার মূল অভিযুক্ত ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন মো. নজরুল ইসলাম। রোববার (২৮ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের তদন্ত অগ্রগতি তুলে ধরে তিনি এ তথ্য জানান।

মো. নজরুল ইসলাম বলেন, হাদি হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত ছিল। তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মূল অভিযুক্ত ফয়সালসহ আরও একজন ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে ছয়জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আরও পড়ুন: ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাসহ ৩ সরকারি চাকরিজীবী গ্রেফতার

তিনি আরও জানান, মামলার তদন্ত দ্রুত এগোচ্ছে এবং আগামী ৭ থেকে ৮ দিনের মধ্যেই অভিযোগপত্র দাখিল করা হবে।

এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, হাদি হত্যাকাণ্ডটি রহস্যজনক এবং এতে একাধিক ব্যক্তি জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তিনি জানান, আগামী ৭ জানুয়ারির মধ্যে মামলার চার্জশিট দেওয়ার লক্ষ্য রয়েছে।

আরও পড়ুন: পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপে সিলেট রেঞ্জ চ্যাম্পিয়ন, ক্রীড়ায় সাফল্যের বার্তা আইজিপির

ডিএমপি কমিশনার বলেন, “হাদি হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা উদ্‌ঘাটনে পুলিশ, ডিবি, র‌্যাবসহ সব গোয়েন্দা সংস্থাকে কাজে লাগানো হয়েছে। তদন্তে আমরা সন্তোষজনক অগ্রগতি পেয়েছি। তবে তদন্তের স্বার্থে এখনই সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়। এতে প্রতিপক্ষ সতর্ক হয়ে যেতে পারে।”

হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শাহবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতিবাদ ও আন্দোলন চলমান রয়েছে। দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবিতে আন্দোলনকারীরা কঠোর কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।