সাভারে ফিজিওথেরাপি ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ন, ১৫ মার্চ ২০২৬ | আপডেট: ৯:৪১ অপরাহ্ন, ১৫ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি আজ (১৫ মার্চ ২০২৬) সংক্ষিপ্ত সফরে সাভার এবং কুমিল্লা সেনানিবাসে যান।

সাভার সেনানিবাসে সেনাবাহিনী প্রধান আর্মি ইনস্টিটিউট অব ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০০ শয্যার এই প্রতিষ্ঠানে স্নায়ুরোগ ও পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, অভিযানিক দায়িত্বে আহত এবং বিভিন্ন দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তিদের জন্য ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপি এবং আধুনিক রোবোটিক রিহ্যাবিলিটেশন চিকিৎসা প্রদান করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

পরবর্তীতে, সেনাবাহিনী প্রধান কুমিল্লা সেনানিবাসের সন্নিকটে আর্মি মেডিকেল কলেজ, কুমিল্লার নবনির্মিত স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করেন এবং ৫০০ শয্যা বিশিষ্ট আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উল্লেখ্য, ১১ জানুয়ারি ২০১৫ থেকে কলেজটি ৫ একর জমিতে আর্কাডেমিক কার্যক্রম শুরু করেছিল। আজকের উদ্বোধনের মাধ্যমে ৭.০৭ একর জমিতে নিজস্ব অর্থায়নে নির্মিত স্থায়ী ক্যাম্পাসে কলেজের কার্যক্রম শুরু হলো।

বর্তমানে এই কলেজে ২৫০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। প্রতিষ্ঠার পর ৬টি ব্যাচের মোট ২৮৩ জন শিক্ষার্থী সাফল্যের সঙ্গে চিকিৎসক হিসেবে উত্তীর্ণ হয়ে দেশ ও বিদেশে কর্মরত রয়েছেন। আগামী শিক্ষাবর্ষ থেকে স্থায়ী ক্যাম্পাসে বিদেশি শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে, যা প্রতিষ্ঠানটির শিক্ষার মানকে আন্তর্জাতিক অঙ্গনে আরও সম্প্রসারিত করবে।

আরও পড়ুন: ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তিনির্ভর: আইজিপি

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, ডাইরেক্টর জেনারেল অব মেডিকেল সার্ভিসেস, ইঞ্জিনিয়ার ইন চীফ, এ্যাডজুট্যান্ট জেনারেল, জেনারেল অফিসার কমান্ডিং, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া; জেনারেল অফিসার কমান্ডিং, ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া; সেনাসদর ও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ, মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত ব্যক্তিবর্গ, শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।