মানবিকতার দৃষ্টান্ত স্থাপনে এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ন, ২০ মার্চ ২০২৬ | আপডেট: ২:০২ অপরাহ্ন, ২০ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র মাহে রমজানের শেষ সময়ে যখন চারদিকে ঈদের প্রস্তুতি, ঠিক তখন সমাজের সুবিধাবঞ্চিত এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চাঁপাইনবাবগঞ্জে অসহায় ও মা-বাবাহীন শিশুদের মাঝে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বুধবার (১৮ মার্চ) সকাল ১০টা ২০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চকপুস্তম এলাকার একটি শিশু সদনে এ কার্যক্রম পরিচালনা করা হয়। মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম নিজে উপস্থিত থেকে এতিম শিশুদের হাতে ঈদের নতুন পোশাক ও খাদ্যসামগ্রী তুলে দেন।

আরও পড়ুন: ফ্যাসিস্টের কোন পুলিশকেই দেশে থাকতে দেব না, আইজিপি এ ধরনের কোনো বক্তব্য দেননি: পুলিশ সদর দপ্তর

ঈদ উপলক্ষে শিশুদের জন্য পোলাও চাল, সেমাই, তেলসহ প্রয়োজনীয় খাদ্য উপকরণ প্রদান করা হয়, যাতে তারা আনন্দের সঙ্গে ঈদের দিন উদযাপন করতে পারে। এ উপহার শুধু তাদের প্রয়োজন মেটায়নি, বরং ভালোবাসা ও যত্নের অভাবও কিছুটা পূরণ করেছে।

নতুন পোশাক হাতে পেয়ে এতিম শিশুদের চোখেমুখে ফুটে ওঠে আনন্দ ও তৃপ্তির ছাপ। তাদের সেই হাসি যেন পুরো পরিবেশকে আনন্দমুখর করে তোলে।

আরও পড়ুন: কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিব হত্যা: অস্ত্রসহ ৫ জন গ্রেফতার

উপহার বিতরণ শেষে লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া আবেগঘন কণ্ঠে বলেন, “এতিম শিশুদের মুখে একটুখানি হাসি ফোটাতে পারা—এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। এই শিশুরাই আমাদের সমাজের অংশ, তাদের আনন্দই আমাদের প্রকৃত চাওয়া।”

তিনি আরও বলেন, সমাজের সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে এভাবে এগিয়ে আসে, তাহলে কোনো শিশুই নিজেকে অসহায় মনে করবে না।

বিজিবির এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সাধারণ মানুষ মনে করছেন, এ ধরনের উদ্যোগ সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে।