সরকারি কর্মকর্তাদের বদলি বাণিজ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তাসহ দুইজন আটক
সরকারি কর্মকর্তাদের পদায়ন ও বদলীর নামে প্রতারণার অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।
গ্রেপ্তারকৃতরা হলেন— এম আমিনুর রহমান শান্ত (৪৪) এবং নিলুফা সুলতানা (৫৬)।
আরও পড়ুন: ঢাকার তিন থানার ওসিসহ ৬ কর্মকর্তা বদলি
ডিবি সূত্রে জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের পরিচয় ব্যবহার করে কর্মকর্তাদের লোভনীয় পদে বদলি ও পদোন্নতির আশ্বাস দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এ চক্রটি সক্রিয় ছিল।
গত ২০ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সহকারী একান্ত সচিব কামরুল হাসান ডিএমপি কমিশনার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর ডিএমপি কমিশনার ডিবিকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
আরও পড়ুন: কেএমপির নতুন পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান
অভিযোগে বলা হয়, একটি চক্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয়ের পরিচয় ব্যবহার করে কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে বদলি ও পদোন্নতির আশ্বাস দিয়ে অর্থ দাবি করছিল। পাশাপাশি তারা বিভিন্ন কর্মকর্তার সঙ্গে অবৈধ আর্থিক লেনদেনের চেষ্টা করছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এরপর ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম গোপন অনুসন্ধান শুরু করে। তথ্যপ্রযুক্তি বিশ্লেষণের ভিত্তিতে ২০ মে রাত ৯টা ৩৫ মিনিটে হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরা এলাকায় অভিযান চালিয়ে এম আমিনুর রহমান শান্তকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন ও সিমকার্ড জব্দ করা হয়।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও হোয়াটসঅ্যাপ বিশ্লেষণের মাধ্যমে চক্রের আরেক সদস্য নিলুফা সুলতানার (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা) সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরবর্তীতে অভিযান চালিয়ে তাকেও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রমনা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।





