আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কৃতি ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান, প্রাইজমানি বিতরণ এবং ৯ম জাতীয় বেসবল টুর্নামেন্ট-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান রোববার (২৮ জুন) গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার ও ভিডিপি একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
আরও পড়ুন: তুরাগে একাধিক মরদেহ উদ্ধারের দাবি গুজব, তথ্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর: ডিএমপি
প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রান্তিক পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জাতীয় ক্রীড়াঙ্গনে দক্ষ ও প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, বাহিনীর খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের মাধ্যমে দেশের জন্য গৌরব বয়ে আনছেন।
তিনি আরও বলেন, কৃতি খেলোয়াড়দের এই সম্মাননা তাদের কঠোর পরিশ্রম, আত্মত্যাগ ও দেশপ্রেমের যথাযথ স্বীকৃতি। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করবে এবং দেশের জন্য নতুন সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে।
আরও পড়ুন: পুলিশের ঊর্ধ্বতন ২১ কর্মকর্তা বদলি
অনুষ্ঠানে কাবাডি, উশু, বক্সিং, টেবিল টেনিস, কারাতে, ভলিবল, ব্যাডমিন্টন ও ভারোত্তোলনসহ বিভিন্ন ডিসিপ্লিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ২৩ জন ক্রীড়াবিদের হাতে সম্মাননা ও প্রাইজমানি তুলে দেওয়া হয়।
সংবর্ধনা শেষে প্রতিমন্ত্রী ৯ম জাতীয় বেসবল টুর্নামেন্ট-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে অংশ নেন। এ সময় তিনি দেশে বেসবল খেলার প্রসারে আনসার-ভিডিপির ধারাবাহিক অবদানের প্রশংসা করেন এবং চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ বেসবল দলের অধিনায়কের হাতে বিজয়ী ট্রফি তুলে দেন।
সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, সরকার তরুণ প্রজন্মের মেধা, শৃঙ্খলা ও সুস্থ মানসিক বিকাশে শিক্ষার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিচ্ছে। রাজধানীকেন্দ্রিক না রেখে বেসবলের মতো সম্ভাবনাময় খেলাকে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ছড়িয়ে দিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হয়।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, ক্রীড়া একটি মাদকমুক্ত, শৃঙ্খলাবদ্ধ ও মূল্যবোধসম্পন্ন যুবসমাজ গঠনের কার্যকর মাধ্যম। তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তুলতে সরকারের উদ্যোগে আনসার-ভিডিপি গর্বিত অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও জানান, দেশের সর্ববৃহৎ তৃণমূলভিত্তিক বাহিনী হিসেবে আনসার-ভিডিপি বিকেএসপির সহযোগিতায় প্রতিভাবান খেলোয়াড় তৈরি ও তাদের দক্ষতা উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করছে। বাহিনীর অসংখ্য খেলোয়াড় ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের স্বাক্ষর রেখে দেশের জন্য সুনাম বয়ে এনেছেন।
অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট ও উপমহাপরিচালক মো. সাইফুল্লাহ রাসেল, বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক, খেলোয়াড় এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।





