চট্টগ্রাম বন্দরে সন্ত্রাসবিরোধী মহড়া: অস্ত্র উদ্ধার, আটক ৪ অনুপ্রবেশকারী
চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি যাচাইয়ে লাইভ অ্যান্টি-টেররিজম মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক জাহাজ ও বন্দর স্থাপনা নিরাপত্তা (আইএসপিএস) কোডের আওতায় আয়োজিত এ মহড়ায় সন্দেহজনক পিকআপ থেকে অস্ত্র উদ্ধার, চারজন অনুপ্রবেশকারীকে শনাক্ত ও আটক এবং যৌথ অভিযানের বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।
মহড়ার শেষ পর্যায়ে চারজন অনুপ্রবেশকারীকে অস্ত্রসহ একটি সন্দেহজনক পিকআপের মাধ্যমে বন্দরে প্রবেশ এবং পরে কনটেইনার ইয়ার্ডে পালিয়ে আত্মগোপনের পরিস্থিতি তৈরি করা হয়। এ সময় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ, কুইক রেসপন্স টিম (কিউআরটি) মোতায়েন ও প্রাথমিক তল্লাশি চালানো হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বন্দরে সর্বোচ্চ নিরাপত্তা স্তর-৩ ঘোষণা করা হয়।
আরও পড়ুন: তিন জেলায় ১৮ প্লাটুন আনসার মোতায়েন
পরে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনীর অগ্নিনির্বাপণ দল ও কমান্ডো দল এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কনটেইনার ইয়ার্ড থেকে চার অনুপ্রবেশকারীকে শনাক্ত ও আটক করা হয়। মহড়ার অংশ হিসেবে আটক ব্যক্তিদের আইনানুগ প্রক্রিয়ায় বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তরের বিষয়টিও প্রদর্শন করা হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের নির্দেশনায় আইএসপিএস মনিটরিং সেলের সার্বিক তত্ত্বাবধানে এ মহড়ার আয়োজন করা হয়। মহড়ার উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন)।
আরও পড়ুন: মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের প্রস্তুতি, নিষিদ্ধ সংগঠনের ৫০ সদস্য গ্রেপ্তার
মহড়ায় শুধু অনুপ্রবেশ বা অস্ত্র উদ্ধারের পরিস্থিতিই নয়, বন্দরের নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন ঝুঁকি মোকাবিলার কৌশলও পরীক্ষা করা হয়। এর মধ্যে ছিল অবৈধভাবে বন্দরে প্রবেশের চেষ্টা, সংঘবদ্ধ ব্যক্তিদের জোরপূর্বক গেট দিয়ে প্রবেশ, অগ্নিকাণ্ড মোকাবিলা, আহত ব্যক্তিদের উদ্ধার, সন্দেহজনক পরিত্যক্ত বস্তু শনাক্ত এবং সিমুলেটেড বোমা নিষ্ক্রিয়করণ।
এ ছাড়া অস্ত্রসহ সন্দেহজনক যানবাহনের মাধ্যমে বন্দরে অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করার কৌশলও প্রদর্শন করা হয়। অগ্নিকাণ্ড মোকাবিলায় চট্টগ্রাম বন্দর ফায়ার সার্ভিস, নিমতলাস্থ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ নৌবাহিনীর ফায়ার টিম যৌথভাবে কাজ করে। অন্যদিকে সন্দেহজনক বিস্ফোরক বস্তু নিষ্ক্রিয় করার কার্যক্রমে অংশ নেয় বাংলাদেশ নৌবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল।
মহড়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগসহ বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ড, পুলিশ, আনসার এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অংশ নেন। বিভিন্ন সংস্থার অংশগ্রহণে জরুরি পরিস্থিতিতে তথ্য আদান-প্রদান, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, উদ্ধার কার্যক্রম, অগ্নিনির্বাপণ এবং যৌথ অভিযানের সক্ষমতা যাচাই করা হয়।
মহড়ার আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল নিরাপত্তার তিনটি স্তরের কার্যকারিতা পরীক্ষা। পর্যায়ক্রমে নিরাপত্তা স্তর-১, স্তর-২ ও সর্বোচ্চ স্তর-৩ ঘোষণা করে বিভিন্ন পরিস্থিতিতে বন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর আবার নিরাপত্তা স্তর-২ ও স্তর-১ কার্যকর করা হয়। এর মাধ্যমে জরুরি পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি বন্দরের স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসার প্রক্রিয়াও তুলে ধরা হয়।
আন্তর্জাতিক নৌ-নিরাপত্তা নিশ্চিত করতে প্রণীত ইন্টারন্যাশনাল শিপ অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি (আইএসপিএস) কোড জাহাজ ও বন্দর স্থাপনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা এবং অন্যান্য নিরাপত্তা ঝুঁকি থেকে সুরক্ষিত রাখার একটি আন্তর্জাতিক মানদণ্ড। এ কোডের আওতায় নিয়মিত মহড়া ও প্রশিক্ষণের মাধ্যমে বন্দরের নিরাপত্তা প্রস্তুতি, জরুরি প্রতিক্রিয়া এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয় যাচাই করা হয়।
চট্টগ্রাম বন্দর দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার। ফলে এ বন্দরের নিরাপত্তা বিঘ্নিত হলে শুধু পণ্য ওঠানামা নয়, দেশের সামগ্রিক সরবরাহব্যবস্থা ও আন্তর্জাতিক বাণিজ্যও ঝুঁকিতে পড়তে পারে। বিশেষ করে কনটেইনারের মাধ্যমে অবৈধ পণ্য প্রবেশ, নাশকতা কিংবা সংঘবদ্ধ অনুপ্রবেশের মতো ঝুঁকি মোকাবিলায় বন্দর কর্তৃপক্ষের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী ও নিরাপত্তা সংস্থাগুলোর সমন্বিত প্রস্তুতি গুরুত্বপূর্ণ।
মহড়ার মাধ্যমে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে বন্দর সুরক্ষায় নিয়মিত কার্যক্রম পরিচালনা এবং যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সক্ষমতা বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।





