কর্মঘণ্টা ইস্যুতে দীপিকার পাশে দাঁড়ালেন আলিয়া ভাট

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৪৫ পূর্বাহ্ন, ২০ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বলিউডে শুটিংয়ের দীর্ঘ কর্মঘণ্টা ও শিল্পীদের কর্মপরিবেশ নিয়ে চলমান আলোচনায় নতুন করে যোগ হলো আলিয়া ভাটের বক্তব্য। অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টার শিফটের দাবির প্রতি সমর্থন জানিয়ে আলিয়া বলেছেন, কাজ হারানোর আশঙ্কায় কাউকে নিজের ন্যায্য অধিকার থেকে সরে আসা উচিত নয়। তাঁর মতে, চলচ্চিত্রের সেটে প্রত্যেকের জন্য সম্মানজনক ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি।

সম্প্রতি কাজের সময়সীমা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন আলিয়া। তিনি মনে করেন, শুধু অভিনয়শিল্পীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করলেই হবে না, ক্যামেরার পেছনে থাকা প্রত্যেক কর্মীর প্রয়োজনের দিকেও নজর দিতে হবে। বিশেষ করে নারী কর্মীদের জন্য পরিষ্কার শৌচাগারের ব্যবস্থা থাকা কোনো বাড়তি সুবিধা নয়, বরং এটি কর্মক্ষেত্রের মৌলিক প্রয়োজন। ২০২৬ সালেও সিনেমার সেটে এমন একটি সাধারণ সুবিধার জন্য নারীদের প্রশ্ন তুলতে হচ্ছে, বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: ‘দুই চরিত্রের তুলনা চলে না’, কেন বললেন আয়ুষ্মান?

নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে আলিয়া বলেন, কর্মজীবনে প্রযোজকদের কাছ থেকে তিনি যথেষ্ট সহযোগিতা পেয়েছেন। তবে এ ধরনের সুযোগ-সুবিধা শুধু প্রতিষ্ঠিত তারকাদের জন্য সীমাবদ্ধ থাকলে চলবে না। পুরো শুটিং টিমের জন্যই একই ধরনের পরিবেশ নিশ্চিত করতে হবে। প্রযোজক হিসেবেও এ পরিবর্তনকে নিয়মিত চর্চায় পরিণত করার পক্ষে তিনি।

উল্লেখ্য, ২০২৫ সালে মা হওয়ার পর কাজে ফেরার সময় দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টার শিফটের দাবি নিয়ে বলিউডে আলোচনা শুরু হয়। দীর্ঘ সময় শুটিং করাকে পেশাদারত্বের একমাত্র মানদণ্ড হিসেবে দেখার বিরোধিতা করেন তিনি। তাঁর মতে, পর্যাপ্ত বিশ্রাম ও ব্যক্তিগত জীবনের জন্য সময় পাওয়া গেলে কাজের মানও ভালো হয়। তবে বিষয়টি নিয়ে চলচ্চিত্র অঙ্গনে ভিন্নমতও দেখা গেছে।

আরও পড়ুন: আন্তর্জাতিক মঞ্চ মাতালেন তাসনিম আনিকা

এদিকে শুধু কর্মঘণ্টা নয়, নারীকেন্দ্রিক সিনেমার ভবিষ্যৎ নিয়েও নিজের মতামত তুলে ধরেছেন আলিয়া। তাঁর প্রশ্ন, কোনো পুরুষ অভিনেতার সিনেমা ব্যবসায়িকভাবে সফল না হলে পুরুষকেন্দ্রিক চলচ্চিত্র নির্মাণ বন্ধের দাবি ওঠে না। তাহলে নারীকেন্দ্রিক কোনো সিনেমা ব্যর্থ হলেই কেন সেই ধারার ছবি নিয়ে প্রশ্ন তোলা হবে? তাঁর মতে, নতুন গল্প ও ভিন্নধর্মী সিনেমা নির্মাণে ঝুঁকি নেওয়ার মানসিকতা থাকতে হবে। কারণ যেকোনো সিনেমার ক্ষেত্রেই সাফল্যের পাশাপাশি ব্যর্থতার সম্ভাবনা থাকে।

আলিয়ার এই বক্তব্যে চলচ্চিত্রের সেটে কর্মীদের অধিকার, নারীদের সুযোগ-সুবিধা এবং সিনেমা নির্মাণে সমান গুরুত্বের বিষয়গুলো আবারও সামনে এসেছে। দীপিকার আট ঘণ্টার শিফটের দাবিকে কেন্দ্র করে শুরু হওয়া আলোচনা এখন শুধু তারকাদের কর্মঘণ্টায় সীমাবদ্ধ নেই, বরং পুরো চলচ্চিত্রশিল্পের কর্মপরিবেশ নিয়েই নতুন করে প্রশ্ন তুলছে।