জাপানি ভাষায় কবি মুহাম্মদ ফরিদ হাসানের দুটি কবিতা প্রকাশিত
কবি ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসানের দুটি কবিতা জাপানের খ্যাতনামা ছোটকাগজ ‘Mi’Te’ থেকে জাপানি ভাষায় প্রকাশিত হয়েছে। প্রকাশিত কবিতা দুটির বাংলা শিরোনাম হলো-‘মুখ’ ও ‘মিথ্যুক আবশ্যক’।
জানা যায়, কবিতাগুলোর অনুবাদ প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে দুটি স্তরে। প্রথমে কবিতা দুটির ইংরেজি অনুবাদ করেন লেখক-অনুবাদক পূরবী বসু ও জাহিদ নয়ন। পরে সেই ইংরেজি থেকে জাপানি ভাষায় অনুবাদ করেন প্রখ্যাত জাপানি কবি তাকাকো আরাই। ম্যাগাজিনের বসন্তকালীন সংখ্যা-২০২৬-এ কবিতাগুলো প্রকাশিত হয়।
আরও পড়ুন: বিআইআইটি পাবলিকেশন্স প্রকাশিত দু'টি বইয়ের মোড়ক উন্মোচন
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে চাঁদপুর প্রধান ডাকঘর থেকে জাপান থেকে প্রেরিত ম্যাগাজিনের কপিগুলো সংগ্রহ করেন কবি মুহাম্মদ ফরিদ হাসান। আন্তর্জাতিক এই প্রকাশনা হাতে পেয়ে তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, আন্তর্জাতিক কোনো প্রকাশনায় নিজের কাজ স্থান পাওয়া অত্যন্ত সম্মানজনক। এ ধরনের উদ্যোগ বাংলা কবিতার বৈশ্বিক পরিসর সম্প্রসারণে এবং ভিন্ন ভাষার পাঠকদের সঙ্গে সেতুবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি তার কবিতার অনুবাদক এবং ম্যাগাজিন সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
আরও পড়ুন: বাংলা একাডেমি পরিচালিত ৮ পুরস্কার পেলেন ৯ জন
উল্লেখ্য, মুহাম্মদ ফরিদ হাসান দীর্ঘ সময় ধরে সাহিত্য ও গবেষণায় সক্রিয় রয়েছেন। ভারত ও বাংলাদেশে তার প্রকাশিত গ্রন্থ ৩৩টি। তিনি বাংলাদেশের তরুণদের জন্য মর্যাদাপূর্ণ "কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার-২০২৪" লাভ করেন।





