হোসেনি দালান থেকে শুরু হলো ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ন, ২৬ জুন ২০২৬ | আপডেট: ১২:৪৭ অপরাহ্ন, ২৬ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র আশুরা উপলক্ষে শোক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীর পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল শুরু হয়েছে।

শনিবার সকাল ১০টার পর আনুষ্ঠানিকভাবে মিছিলটি শুরু হয়। ভোর থেকেই ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত শিয়া মুসলিম হোসেনি দালানে জড়ো হন।

আরও পড়ুন: প্রচার সম্পাদক পদে আবু সাদেক, স্মার্ট ও আধুনিক বনশ্রী গড়ার প্রত্যয়

মিছিলটি হোসেনি দালান থেকে আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট ও সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডি গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

মিছিলে অংশ নেওয়া অধিকাংশের পরনে ছিল কালো পোশাক। তাদের হাতে প্রতীকী ছুরি, আলাম, পতাকা বা নিশান, বেস্তা এবং বইলালাম দেখা যায়, যা কারবালার শোক ও আত্মত্যাগের প্রতীক হিসেবে বহন করা হয়।

আরও পড়ুন: সমাজকল্যাণ সম্পাদক পদে মঈন উদ্দিন চিশতির অঙ্গীকার

তাজিয়া মিছিলকে কেন্দ্র করে রাজধানীতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‌্যাব, সোয়াত, ফায়ার সার্ভিস এবং সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। মিছিলের নির্ধারিত সড়কগুলোতে ট্রাফিক নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইসলামী ইতিহাস অনুযায়ী, হিজরি ৬১ সনের ১০ মহররম কারবালার যুদ্ধ-এ সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিতে গিয়ে ইমাম হোসেন এবং তাঁর পরিবারের সদস্যরা শহীদ হন। তাঁদের এই আত্মত্যাগ মুসলিম বিশ্বে সত্য, ন্যায় ও মানবতার প্রতীক হিসেবে স্মরণ করা হয়।

পবিত্র আশুরা উপলক্ষে প্রতি বছর শিয়া সম্প্রদায় বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করে থাকে। এর মধ্যে তাজিয়া মিছিল অন্যতম প্রধান আয়োজন।