আটক ও গ্রেপ্তার ৮

রাজধানীতে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৪৬ পূর্বাহ্ন, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:৪৬ পূর্বাহ্ন, ১০ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ফার্মগেট, আদাবর, মিরপুর, যাত্রাবাড়ী, গুলশান, মহাখালী, বনানী ও আদালত এলাকাসহ বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। এ সময় কয়েকটি বাসে আগুন দেওয়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এসব ঘটনায় কয়েকজনকে আটক ও গ্রেপ্তার করেছে পুলিশ এবং শিক্ষার্থীরা।

ফার্মগেটে বাসে আগুন, সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে বিস্ফোরণ

আরও পড়ুন: ঢাবিতে ককটেল বিস্ফোরণে গাড়িচালক আহত, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে প্রশাসন

সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই সময়ে শিল্পাঞ্চল থানার আওতাধীন সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, দুটি ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে প্রতারণা, সিআইডির হাতে গ্রেপ্তার ২

আদাবরে চারটি ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪

রাত ৯টা ৪০ মিনিটের দিকে আদাবরের টোকিও স্কয়ারের সামনে পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, রাত সাড়ে ৯টার দিকে হাতিরঝিল থানার আওতাধীন মগবাজার পুলিশ চেকপোস্টে ককটেল নিক্ষেপের চেষ্টাকালে চারজনকে হাতেনাতে আটক করা হয়।

মিরপুরে পার্কিং করা বাসে আগুন

ফার্মগেটের ঘটনার পর রাত ৯টার দিকে মিরপুর ১১ নম্বর এলাকায় পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির আসন, কাচ ও বডির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আদালত, তিতুমীর কলেজ ও গুলশানেও বিস্ফোরণ

এ ছাড়া সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এলাকা, তিতুমীর কলেজের সামনে, বনানী কবরস্থান, গুলশান ও মহাখালীর বিভিন্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল এসব ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। এসব ঘটনার মধ্যে সিএমএম আদালত এলাকা ও তুরাগ থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ। তিতুমীর কলেজের সামনে বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করেন শিক্ষার্থীরা।

রাত ১০টার দিকে তিতুমীর কলেজের প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় একজনকে আটক করেন শিক্ষার্থীরা বলে জানান বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

এর আগে রাত ৯টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সড়ক থেকে বনানী কবরস্থানের গেটের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। রাত সাড়ে ৮টার দিকে গুলশান-১ থেকে মহাখালীগামী সড়কে চেকপোস্টের আগে আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। একই দিন রাত সাড়ে ১০টার দিকে পুলিশ প্লাজার সামনেও ককটেল বিস্ফোরণ ঘটে।

গুলশানের এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রেজাউল করিম।

মিছিলের প্রস্তুতিকালে তুরাগে গ্রেপ্তার ৩

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তুরাগ থানা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মো. নূর হোসেন এবং হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি মো. কবির উদ্দিন মেম্বারের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন ব্যানার নিয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. কামরুল ইসলাম (২১), মো. হযরত আলী (২০) ও মো. মিথুল হাসান (১৯)।