পায়ুপথে চারটি সোনার ডিম, অন্তর্বাসে সোনার পেস্টসহ আটক ১

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:১২ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর পায়ুপথ থেকে সোনার পেস্ট দিয়ে বানানো ডিমের মতো চারটি বস্তু উদ্ধার করা হয়েছে। ছবিঃ সংগৃহীত
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর পায়ুপথ থেকে সোনার পেস্ট দিয়ে বানানো ডিমের মতো চারটি বস্তু উদ্ধার করা হয়েছে। ছবিঃ সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস ও গোয়েন্দা কর্মকর্তাদের তল্লাশিতে স্বর্ণ পাচারের অভিনব কৌশল ধরা পড়েছে। পায়ুপথে চারটি ‘সোনার ডিম’ এবং অন্তর্বাসে স্বর্ণের পেস্ট লুকিয়ে পাচারের চেষ্টা করেন দুবাইফেরত এক যাত্রী। পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা মূল্যের সোনা ও স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই যাত্রীকে আটক করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টা ২৫ মিনিটে দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৪২ ফ্লাইটে ঢাকায় আসেন হাসান মিয়া নামের ওই যাত্রী। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।

আরও পড়ুন: সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীর ওপর নজরদারি করেন কাস্টমস কর্মকর্তারা। পরে এক্স-রে পরীক্ষায় তার পায়ুপথে স্বর্ণসদৃশ বস্তু থাকার বিষয়টি শনাক্ত হয়। এরপর সেখান থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতির বস্তু উদ্ধার করা হয়। এ ছাড়া তার পরিহিত অন্তর্বাসের কাপড়ে প্রায় ১০০ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট মাখানো অবস্থায় পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধার করা বস্তুগুলোর ওজন প্রায় এক কেজি।

তবে এসব বস্তুতে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা কত, তা পরিশোধন ও পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন: গোপালগঞ্জ,হবিগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলার ডিসি প্রত্যাহার, নতুন ডিসি নিয়োগ

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাথমিক ধারণা, এ ঘটনার সঙ্গে একটি সংঘবদ্ধ আন্তদেশীয় চোরাচালান চক্র জড়িত থাকতে পারে। চক্রটি শনাক্ত এবং এর নেপথ্যে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে অধিদপ্তর।

প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট বিদেশি কাস্টমস গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক সহযোগিতা কাঠামোর সহায়তাও নেওয়া হতে পারে।