সড়কে হতাহতদের স্মরণে দিবস পালন, নিরাপদ ফুটপাত ও সড়ক নিশ্চিত করার আহ্বান ডিএনসিসির
সড়কে হতাহতদের স্মরণে জাতিসংঘ ঘোষিত বৈশ্বিক দিবস ‘ওয়ার্ল্ড ডে অব রিমেমব্রান্স ফর রোড ট্রাফিক ভিকটিমস’ উপলক্ষে গোলটেবিল সভা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সভায় পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা, ফুটপাত দখলমুক্ত রাখা, সড়কে গতিসীমা নিয়ন্ত্রণ এবং ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর গুলশান-২-এ অবস্থিত ডিএনসিসির নগর ভবনের সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস) ও ভাইটাল স্ট্র্যাটেজিসের কারিগরি সহায়তায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান।
আরও পড়ুন: পাঁচ বছর পর বাদল হত্যা রহস্য উদঘাটন, দিনাজপুর থেকে আসামি গ্রেপ্তার
বিআইজিআরএসের ইনিশিয়েটিভ কোঅর্ডিনেটর ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আবদুল ওয়াদুদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী খন্দকার মাহবুব আলম, ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটির (ডিটিসিএ) সিনিয়র রোড সেফটি স্পেশালিস্ট মামুনুর রহমান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-গুলশান জোন) মো. জিয়াউর রহমান।
দিবসের প্রতিপাদ্য তুলে ধরে প্রবন্ধ উপস্থাপন করেন ভাইটাল স্ট্র্যাটেজিসের কারিগরি পরামর্শক আমিনুল ইসলাম সুজন।
আরও পড়ুন: আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি, ঢাকার সড়কে স্বাভাবিক জীবনযাত্রা
সভাপতির বক্তব্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে ঢাকা শহরের অনেক ফুটপাত দখল ও বেদখলের কারণে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছিল। পুলিশ ও স্থানীয় জনগণের সহযোগিতায় ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, কেউ যেন অবৈধভাবে ফুটপাত দখল করে পথচারীদের ঝুঁকিতে ফেলতে না পারে, সে জন্য গণমাধ্যমসহ নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। শিশু, নারী, প্রতিবন্ধী ব্যক্তিসহ সবার জন্য নিরাপদ সড়ক গড়ে তুলতে ডিএনসিসি সামর্থ্য অনুযায়ী কাজ করছে।
ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী খন্দকার মাহবুব আলম বলেন, ঢাকা উত্তরের ঝুঁকিপূর্ণ সড়ক ও মোড়গুলো নিরাপদ করা, জেব্রা ক্রসিং আঁকা এবং ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে কাজ করছে ডিএনসিসি। সড়কে নির্ধারিত গতিসীমা মেনে গাড়ি চালাতে উৎসাহিত করার লক্ষ্যে জনসচেতনতামূলক প্রচারণাও চালানো হচ্ছে।
বিআইজিআরএসের ইনিশিয়েটিভ কোঅর্ডিনেটর মো. আবদুল ওয়াদুদ বৈশ্বিক সড়ক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে চালকদের ট্রাফিক আইন মেনে চলা, ব্যস্ত সড়কে অতিরিক্ত গতি পরিহার, নির্দিষ্ট স্থানে যাত্রী ওঠানামা এবং যানবাহন চালানোর সময় প্রতিযোগিতা এড়িয়ে চলার আহ্বান জানান।
ডিটিসিএর সিনিয়র রোড সেফটি স্পেশালিস্ট মো. মামুনুর রহমান বলেন, মানুষের দুর্ভোগ কমাতে ঢাকায় পথচারীবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে একটি নীতিমালার খসড়া প্রণয়ন করা হয়েছে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলকে সক্রিয় করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-গুলশান) মো. জিয়াউর রহমান বলেন, সড়ক নিরাপত্তায় ডিএমপি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল পর্যবেক্ষণের জন্য এআই ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ৩০০ ফিট সড়কে গতিসীমা লঙ্ঘনের ঘটনায় জরিমানা করায় চালকদের মধ্যে গতিসীমা মেনে চলার প্রবণতা বেড়েছে।
ব্র্যাকের রোড সেফটি প্রকল্পের (জিআরএসপি) টিম লিডার খালিদ মাহমুদ বলেন, সড়ক নিরাপদ করতে বিশ্বব্যাপী ‘সেফ সিস্টেম অ্যাপ্রোচ’ গ্রহণ করা হয়েছে। আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ সরকারও এ পদ্ধতি গ্রহণের অঙ্গীকার করেছে। এ জন্য দ্রুত একটি আইন প্রণয়ন করা প্রয়োজন।
প্রবন্ধ উপস্থাপনায় ভাইটাল স্ট্র্যাটেজিসের কারিগরি পরামর্শক আমিনুল ইসলাম সুজন বলেন, সড়কে হতাহতদের স্মরণে বৈশ্বিক দিবসের মূল উদ্দেশ্য সড়কে নিহতদের স্মৃতি স্মরণ, তাঁদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো, সহানুভূতিশীল ও সচেতন সমাজ প্রতিষ্ঠা এবং সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে নিরাপদ সড়ক গড়ে তোলা।
রোডক্র্যাশে নিহত সন্তানের বাবা ও অবসরপ্রাপ্ত শিক্ষক এস এম সাইফুল ইসলাম তাঁর মেয়ে হারানোর মর্মান্তিক অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, ২০২৪ সালের ৯ অক্টোবর ঢাকার বাড্ডায় সুবাস্তু টাওয়ারের কাছে সড়ক পার হওয়ার সময় দুটি দ্রুতগামী বাসের প্রতিযোগিতার মধ্যে তাঁর মেয়ে বাসচাপায় প্রাণ হারান।
এমন দুর্ঘটনায় আর কোনো মায়ের কোল যেন খালি না হয়, সেই প্রত্যাশা জানিয়ে তিনি সড়কে কঠোরভাবে আইন প্রয়োগের আহ্বান জানান।
স্টেপসের নির্বাহী পরিচালক চন্দন লাহিড়ী সড়ক দুর্ঘটনায় ছোট ভাইকে হারানোর অভিজ্ঞতা তুলে ধরে সড়ক নিরাপত্তায় প্রণীত খসড়া আইন দ্রুত পাস করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
অন্যদিকে, কেএনকেএসের নির্বাহী পরিচালক অরিন্দম দেবনাথ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বড় বোনের দুর্বিষহ জীবনের কথা তুলে ধরেন। দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় তাঁর বোনের জীবন থমকে গেছে উল্লেখ করে তিনি যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।
সভায় আরও বক্তব্য দেন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর মহাসচিব লিটন এরশাদ, রোড সেফটি ফাউন্ডেশনের নাসির উদ্দিন শেখ, ঢাকা আহছানিয়া মিশনের প্রকল্প সমন্বয়কারী শারমীন রহমান, সেন্টার ফর ইনজ্যুরি প্রিভেনশন রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি)-এর প্রোগ্রাম ম্যানেজার (সড়ক নিরাপত্তা) কাজী বোরহান উদ্দিন, সিয়াম সংস্থার নির্বাহী পরিচালক ও হাইকোর্টের আইনজীবী মাসুম বিল্লাহ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও সড়ক নিরাপত্তা কর্মসূচির প্রকল্প পরিচালক মো. বজলুর রহমান, ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্টের প্রজেক্ট ম্যানেজার নাঈমা আক্তার এবং মাদকদ্রব্য ও নেশানিরোধ সংস্থা (মানস)-এর সিনিয়র প্রজেক্ট অ্যান্ড কমিউনিকেশন অফিসার মো. আবু রায়হান।
সভায় আর্ক ফাউন্ডেশন, সেন্টার ফর ল অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স (সিএলপিএ), প্রজ্ঞা, সেতু সংস্থা, ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট, সড়ক ও জনপথ অধিদপ্তর, বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা, বিআইজিআরএসসহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





