চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ করেছে বনবিভাগ
হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে বন থেকে কেটে পাচারের সময় ৯ টুকরো চিকরাশি কাঠসহ একটি পিকআপভ্যান জব্দ করেছে বন বিভাগ। রোববার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার ছালিয়ার আব্দা বটেরতল এলাকা থেকে গাড়িটি জব্দ করা হয়। তবে এ সময় পালিয়ে যান চালক।
বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রেমা-কালেঙ্গা বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে বনকর্মীদের একটি দল ছালিয়ার আব্দা বটেরতল এলাকায় অভিযান চালায়। এ সময় ১২ দশমিক ৪৮ ঘনফুট চিকরাশি কাঠবোঝাই পিকআপভ্যানটি জব্দ করা হয়। কাঠগুলো ৯টি টুকরায় ছিল।
আরও পড়ুন: মজুরি আন্দোলনে গার্মেন্ট শিল্পে স্থবিরতা
অভিযানের বিষয়টি টের পেয়ে গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
রেমা-কালেঙ্গা বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন জানান, বনসম্পদ রক্ষায় বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের তাণ্ডব, ভাঙচুর পুলিশ বক্স ও এপিসি





