রাজধানীতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ৪:৩০ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তৎপরতা বাড়িয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নগরজুড়ে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি চেকপোস্ট, পিকেট ডিউটি, ফুট পেট্রোল ও মোবাইল পেট্রোলের সংখ্যা বাড়ানো হয়েছে। একই সঙ্গে সন্ত্রাসী ও নাশকতাকারীদের গ্রেপ্তারে ব্লক রেইড ও চিরুনি অভিযান চালানো হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।

আরও পড়ুন: লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তিনি বলেন, রাজধানীতে পুলিশের দৃশ্যমান উপস্থিতি আগের তুলনায় অনেক বেড়েছে। চেকপোস্ট ও পিকেট ডিউটির পাশাপাশি ফুট পেট্রোল এবং মোবাইল পেট্রোল বাড়িয়ে নগরীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিয়াজ মেহেদী আরও বলেন, ব্লক রেইড ও চিরুনি অভিযানের মাধ্যমে সন্ত্রাসী ও নাশকতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঢাকার বাইরে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার পর রাজধানীতে এসে আশ্রয় নেওয়া ব্যক্তিদেরও নজরদারিতে রাখা হয়েছে। তাদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আরও পড়ুন: গ্রামীণ ব্যাংকের ৭২ শাখায় হামলা, গোপালগঞ্জে সবচেয়ে বেশি

ডিএমপির এই কর্মকর্তা জানান, গত ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৫০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা ৬১৪।

রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নিয়াজ মেহেদী বলেন, ঢাকা যথেষ্ট নিরাপদ রয়েছে। নগরবাসী যাতে নির্বিঘ্নে স্বাভাবিক জীবনযাপন এবং দৈনন্দিন কাজ ও দায়িত্ব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান লক্ষ্য। এ উদ্দেশ্যে রাজধানীজুড়ে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।