প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ১

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ন, ২২ মার্চ ২০২৬ | আপডেট: ৬:৪৪ অপরাহ্ন, ২৬ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণার অভিযোগে আরিফ মাঈনুদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি), কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট এবং কক্সবাজার জেলা পুলিশের যৌথ দল।

রবিবার (২২ মার্চ) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে কক্সবাজার জেলার চকরিয়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: প্রতিদিন গড়ে ১০টি খুন, নিয়ন্ত্রণে আসছে না সহিংসতা-হত্যাকাণ্ড

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তি নিজেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা দাবি করে একটি ভুয়া প্রজ্ঞাপন তৈরি করেন। সেখানে উল্লেখ করা হয় যে, তাকে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি এ পদে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাবেন। পরবর্তীতে তিনি প্রতারণার উদ্দেশ্যে ওই ভুয়া প্রজ্ঞাপন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে পাঠান।

এছাড়া, তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া ভিজিটিং কার্ড তৈরি করে ব্যবহার করতেন বলেও জানা গেছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও দুই কর্মকর্তার নামে ভুয়া ফেসবুক আইডি, গ্রেপ্তার ১

তদন্তে আরও জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি তিনি সরকারি লোগো ও প্যাড ব্যবহার করে একটি ভুয়া গেজেট তৈরি করেন। ওই গেজেটে তাকে ‘জোরপূর্বক গুমের ভিকটিম পুনর্বাসন’ শিরোনামে রাষ্ট্রের বিশেষ সম্মানিত ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয় এবং তার জন্য এককালীন প্রণোদনা, স্থায়ী কর্মসংস্থান ও বাসস্থানের কথা উল্লেখ করা হয়।

পুলিশ আরও জানায়, ‘গুম কল্যাণ ট্রাস্ট’-এর সদস্য সচিব পরিচয়ে তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নেন।

গ্রেফতারের সময় তার কাছ থেকে ভুয়া গেজেট, প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি সংবলিত ভিজিটিং কার্ড এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।