ফেসবুকে ব্ল্যাকমেইল: ভুয়া আইডিতে পর্নোগ্রাফির হুমকি, মেরিন ইঞ্জিনিয়ার গ্রেফতার

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ন, ০২ এপ্রিল ২০২৬ | আপডেট: ৫:২৩ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে পর্নোগ্রাফি ছড়ানোর হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে এক মেরিন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীকে গ্রেফতার করেছে সিআইডি।

সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)-এর সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট ইউনিটের একটি দল গত ১ এপ্রিল দিবাগত মধ্যরাতে ঢাকা জেলার আশুলিয়া থানার সাভার ডিওএইচএস এলাকা থেকে আল আসিফ মাহমুদ প্রিন্স (২৫) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে।

আরও পড়ুন: অনলাইন জুয়া ও অর্থপাচার: টাঙ্গাইলে আরও ৪ জন গ্রেপ্তার

গ্রেফতারকৃত প্রিন্স দিনাজপুর জেলার বিরল থানার মির্জানগর গ্রামের বাসিন্দা এবং চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

পুলিশ জানায়, আশুলিয়া থানায় দায়ের করা একটি মামলার (মামলা নং-৫২, তারিখ: ১৭ মার্চ ২০২৫) তদন্তের সূত্র ধরে তাকে গ্রেফতার করা হয়। মামলাটি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১)/৮(২)/৮(৩) ধারায় করা হয়েছে।

আরও পড়ুন: কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার আত্মসাৎ: চক্রের ০২ সদস্যকে গ্রেফতার

তদন্তে জানা যায়, ২০২৫ সালের মার্চ মাসে একটি ভুয়া ফেসবুক আইডি থেকে ভুক্তভোগীকে লক্ষ্য করে যোগাযোগ করা হয়। পরে কৌশলে ব্যক্তিগত ছবি সংগ্রহ করে সেগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করা হয়। একপর্যায়ে বিকাশ ও নগদের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ২৪ হাজার টাকা আদায় করা হয়।

সিআইডি আরও জানায়, গ্রেফতারের সময় ব্ল্যাকমেইলিংয়ের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসিফ মাহমুদ প্রিন্স অভিযোগ স্বীকার করেছেন। তাকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সিআইডি জনগণকে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত ছবি বা ভিডিও সংরক্ষণ ও শেয়ার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।