ইসলামী ব্যাংককে ২ হাজার ৫০০ কোটি টাকার সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক
তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সহায়তা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, ঈদুল আজহার পর ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে ব্যাংকটিতে অস্থিরতা সৃষ্টি হয়। চেয়ারম্যান নিয়োগের বিরোধিতা করে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে একদল গ্রাহক আন্দোলন শুরু করলে বিপুলসংখ্যক আমানতকারী তাদের জমা অর্থ উত্তোলন করতে থাকেন।
আরও পড়ুন: সবজির বাজারে আবার অস্থিরতা, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকা
এর ফলে ব্যাংকটির তারল্য পরিস্থিতির ওপর চাপ বাড়ে এবং গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ পরিশোধে সংকট দেখা দেয়। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত নগদ জমার সংরক্ষণ হার (সিআরআর) বজায় রাখতেও ব্যাংকটি সমস্যার মুখে পড়ে।
এ অবস্থায় গত সপ্তাহে ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়ে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক প্রথম ধাপে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা প্রদান করেছে।
আরও পড়ুন: আগস্ট মাসের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার
এর আগে শুক্রবার বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান ইসলামী ব্যাংকের তারল্য সংকট নিরসনে সহায়তার ইঙ্গিত দেন। তিনি বলেন, ব্যাংকটির বর্তমান পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে এবং আমানতকারীদের অর্থ উত্তোলনে কোনো সমস্যা হবে না। প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংক জরুরি তারল্য সহায়তা প্রদান করবে বলেও জানান তিনি।





