দেশের বাজারে আবারও বেড়েছে সোনা ও রুপার দাম

Any Akter
অর্থবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ন, ১৭ জুন ২০২৬ | আপডেট: ২:২৩ অপরাহ্ন, ১৭ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ১৫ জুন নতুন দর নির্ধারণ করেছে, যা সেদিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। নতুন মূল্য অনুযায়ী বুধবার (১৭ জুন) দেশের বাজারে সোনা ও রুপা বিক্রি হচ্ছে বর্ধিত দামে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড) ও পিওর সিলভারের দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় মূল্যবান এই দুই ধাতুর নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: রিভোর ২০ হাজার টাকা ছাড়, অফার শেষ ২৫ জুন

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকায়। এছাড়া ২১ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা, ১৮ ক্যারেট সোনা ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকায় বিক্রি হচ্ছে।

এর আগে গত ১৩ জুন বাজুস ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করেছিল ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা। সর্বশেষ সমন্বয়ে প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা দাম বেড়েছে।

আরও পড়ুন: আবারও বাড়ল সোনার দাম

সোনার পাশাপাশি বেড়েছে রুপার দামও। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি বিক্রি হচ্ছে ৫ হাজার ৩৬৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেট রুপা ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট রুপা ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩২৪ টাকায় বিক্রি হচ্ছে। নতুন সমন্বয়ে প্রতি ভরি রুপার দাম ২৩৩ টাকা বৃদ্ধি পেয়েছে।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৭৫ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ বার দাম বেড়েছে এবং ৩৬ বার কমেছে। অন্যদিকে, রুপার দাম সমন্বয় করা হয়েছে ৪৬ বার; এর মধ্যে ২৪ বার বেড়েছে এবং ২২ বার কমেছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে কাঁচামালের দাম বৃদ্ধির প্রভাবেই দেশের বাজারে সোনা ও রুপার দাম ধারাবাহিকভাবে বাড়ছে।