চাকসু এজিএস তৌফিকের প্রচেষ্টায় ৩ হাজার শিক্ষার্থীকে নিয়ে মেডিকেল ক্যাম্প

Shahrier Islam Pallab
মো:সাবিত বিন নাছিম ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ন, ০১ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:০৯ পূর্বাহ্ন, ০২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রায় ৩ হাজার শিক্ষার্থীকে নিয়ে মেডিকেল ক্যাম্প আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পে ৮টি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে শিক্ষার্থীদের চিকিৎসাসেবা দেওয়া হবে। এর পাশাপাশি থাকবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও।

মেডিকেল ক্যাম্প আয়োজনের বিষয়ে গত ২০ সেপ্টেম্বর সাজিনাস হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে প্রথম দফায় বৈঠক অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় আজ চাকসুর স্বাস্থ্য সম্পাদকসহ সংশ্লিষ্টদের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মেডিকেল ক্যাম্পের আয়োজন, চিকিৎসাসেবার পরিধি এবং শিক্ষার্থীদের জন্য ভবিষ্যৎ স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন: জাবির নতুন প্রক্টর অধ্যাপক ড. আবদুল হালিম

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রস্তাবিত মেডিকেল ক্যাম্পে ৮টি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেবেন। এতে বিপুলসংখ্যক শিক্ষার্থী একসঙ্গে বিভিন্ন ধরনের চিকিৎসা পরামর্শ ও স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে রক্তদানে উৎসাহ সৃষ্টি এবং প্রয়োজনের সময় রক্তের সংকট মোকাবিলায় রক্তদান কর্মসূচিও আয়োজন করা হবে।

এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সাজিনাস হাসপাতালের একটি চুক্তি হওয়ার সম্ভাবনাও রয়েছে। চুক্তি সম্পন্ন হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পেতে পারেন।

আরও পড়ুন: মুজিবের নামে হলের নামফলক পুনঃস্থাপনের প্রতিবাদে ডাকসু নেতাদের বিক্ষোভ

চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, “মেডিকেল ক্যাম্প কোনো স্থায়ী সমাধান নয়। তবে এর মাধ্যমে শিক্ষার্থীরা সাময়িকভাবে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।”

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হলে শিক্ষার্থীরা প্রয়োজনীয় ও মৌলিক চিকিৎসাসেবা আরও সহজে পেতে পারবেন। শিক্ষার্থীদের মৌলিক স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনায় নিয়ে বর্তমান মেডিকেল সেন্টারকে হাসপাতালে রূপান্তরের উদ্যোগ নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। মেডিকেল ক্যাম্পের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ও উন্নত চিকিৎসা অবকাঠামো গড়ে তোলা হলে শিক্ষার্থীদের চিকিৎসাসংক্রান্ত নানা সমস্যা অনেকাংশে দূর করা সম্ভব হবে।