শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা আজ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৪২ পূর্বাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ৯:০১ পূর্বাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা আজ শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করবেন। ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি ঘোষণা দিয়েছে সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন পরিষদ।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিট থেকে শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস থেকে রওনা হয়ে বেলা ১১টায় শিক্ষা ভবনের সামনে মূল কর্মসূচিতে যোগ দেবেন।

আরও পড়ুন: জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক সম্পদ, সদস্যসচিব মাহফুজ

শিক্ষার্থীরা জানিয়েছেন, সরকার ঘোষিত প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় আইন দ্রুত বাস্তবায়নের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় তারা অনিশ্চয়তায় রয়েছেন।

তাদের দাবি, বিশ্ববিদ্যালয় যে মডেলেই হোক, অংশীজনদের মতামতের আলোকে দ্রুত খসড়া হালনাগাদ করে অধ্যাদেশ দিতে হবে। আর কোনো কালক্ষেপণ নয়।

আরও পড়ুন: ঢাবির ৬ অধ্যাপককে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি, সাদেকা হালিম সাময়িক বরখাস্ত

আন্দোলনের দায়িত্বশীল মো. নাঈম হাওলাদার বলেন, অধ্যাদেশ জারির চূড়ান্ত দিনক্ষণ না জানানো হলে বর্তমান শিক্ষার্থীরা অধ্যাদেশ নিয়েই তবে পড়ার টেবিলে ফিরবে।

ঢাকা কলেজ সকাল ৯টা ৪৫ মিনিটে নীলক্ষেত থেকে যাত্রা শুরু করে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের যুক্ত করবে। এরপর পলাশী হয়ে বকশীবাজারে পৌঁছে বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা যুক্ত হবেন।

একই সময়ে কবি নজরুল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা সকাল ৯টা ৩০ মিনিটে রওনা হবেন।

অন্যদিকে সরকারি তিতুমীর কলেজ, মিরপুর বাংলা কলেজ ও বাঙলা কলেজের শিক্ষার্থীরা সকাল ১০টায় নিজ নিজ অবস্থান থেকে পদযাত্রায় যোগ দেবেন।

চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে একটি নতুন বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত নাম নির্ধারণ করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।

এই সাত কলেজ হলো, ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ,শহীদ সোহরাওয়ার্দী কলেজ,  কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ

শিক্ষার্থীরা জানিয়েছেন, অধ্যাদেশ জারির বিষয়ে কোনো অস্পষ্ট প্রতিশ্রুতি নয়, বরং সরকারের কাছ থেকে সুস্পষ্ট সময়সূচি বা রোডম্যাপ না পাওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।