ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে দুই ভবনের ফাঁকে শিক্ষার্থীর মরদেহ, পুলিশ বলছে আত্মহত্যা
রাজধানীর আফতাবনগরে অবস্থিত বেসরকারি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির দুই ভবনের মাঝের ফাঁকা স্থান থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড্ডা থানা পুলিশের দাবি, শিক্ষার্থীটি বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে ড. ফরাস উদ্দিন ভবন ও মূল ভবনের মধ্যবর্তী স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থীর নাম বিএম মুশফিকুজ্জামান (২০)। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ছিলেন।
আরও পড়ুন: জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক সম্পদ, সদস্যসচিব মাহফুজ
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, মুশফিকুজ্জামান দুপুরে ক্লাস করতে এসেছিলেন। বিকেল ৩টা ১০ মিনিটে ক্লাস থেকে বের হয়ে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই কয়েকজন শিক্ষার্থী দুই ভবনের মাঝখানে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলে তারা পুলিশকে খবর দেন।
বাড্ডা থানার ওসি হাবিবুর রহমান জানান, বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহ উদ্ধারের খবর পান তারা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
আরও পড়ুন: ঢাবির ৬ অধ্যাপককে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি, সাদেকা হালিম সাময়িক বরখাস্ত
মৃত্যুর কারণ সম্পর্কে তিনি বলেন, “আমাদের কাছে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, শিক্ষার্থীটি ছাদ থেকে লাফ দিয়েছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।”





