আজ সারাদেশে স্কুলে ভর্তির ডিজিটাল লটারি, ফল দেখবেন যেভাবে
সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থী ভর্তির জন্য বহুল প্রত্যাশিত ডিজিটাল লটারি আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে লটারির কার্যক্রম শুরু হবে।
লটারি শেষ হওয়ার পর শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠান প্রধানরা নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে gsa.teletalk.com.bd পোর্টাল থেকে ফল ডাউনলোড করতে পারবেন।
আরও পড়ুন: জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক সম্পদ, সদস্যসচিব মাহফুজ
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এক চিঠিতে জানিয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের (মহানগর ও জেলা সদরের প্রতিষ্ঠানসহ) প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির সব কার্যক্রম ডিজিটাল লটারির মাধ্যমে সম্পন্ন করা হবে। ফল হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠান প্রধানদের সংশ্লিষ্ট জেলা বা উপজেলা ভর্তি কমিটির সভাপতিকে ইমেইলের মাধ্যমে তথ্য জানাতে হবে।
এ বছরের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল ২১ নভেম্বর, যা ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত গ্রহণ করা হয়। নির্ধারিত সময় শেষে আজ ১১ ডিসেম্বর লটারি অনুষ্ঠিত হচ্ছে। লটারিতে নির্বাচিত শিক্ষার্থীরাই ভর্তির সুযোগ পাবেন।
আরও পড়ুন: ঢাবির ৬ অধ্যাপককে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি, সাদেকা হালিম সাময়িক বরখাস্ত
মাউশির তথ্য অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে সারাদেশে ৪ হাজার ৪৮টি সরকারি-বেসরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে সরকারি বিদ্যালয় রয়েছে ৬৮৮টি এবং বেসরকারি প্রতিষ্ঠান ৩ হাজার ৩৬০টি।
সরকারি বিদ্যালয়গুলোতে ১ লাখ ২১ হাজার ৩০টি আসনের বিপরীতে ২৫ নভেম্বর পর্যন্ত আবেদন জমা পড়ে ২ লাখ ৬০ হাজার ২৪৪টি। আবেদনকারীরা পছন্দক্রম দিয়েছেন মোট ৩ লাখ ৭৫ হাজার ৭২৮টি। অন্যদিকে বেসরকারি বিদ্যালয়গুলোতে ১০ লাখ ৭২ হাজার ২৫১টি শূন্য আসনের বিপরীতে আবেদন জমা পড়ে ৯৮ হাজার ৭৬২টি এবং পছন্দক্রম দেওয়া হয়েছে ১ লাখ ৮০ হাজার ৮৬২টি। পরবর্তী সময়ে নতুন তথ্য আর জানায়নি মাউশি।





