সিদ্ধান্ত বদল ঢাবির, ৯ মার্চ থেকেই শুরু হচ্ছে ঈদের ছুটি
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকে পবিত্র ঈদুল ফিতরের ছুটি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। রোববার (৮ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট/সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সরকারের জারি করা প্রজ্ঞাপন এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাঠানো পত্র নিয়ে আলোচনা করা হয়। আলোচনার ভিত্তিতেই বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ঢাবিতে ক্লাস চলবে ১২ মার্চ পর্যন্ত
তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আপাতত চালু থাকবে বলে জানানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি খোলা থাকবে। ৯ মার্চের পর প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও অফিসসমূহ চালু রাখার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত সোমবার জানানো হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ১২ই মার্চ পর্যন্ত শ্রেণী কার্যক্রম চলবে বলে জানিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।





