বন্ধ ক্যাম্পাসে ক্ষুধার্ত প্রাণীদের পাশে জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

Sanchoy Biswas
জবি প্রতিনিধি
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ন, ২৩ মার্চ ২০২৬ | আপডেট: ৯:১৮ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বন্ধ ক্যাম্পাসে অভুক্ত প্রাণীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন।

আজ রবিবার (২২ মার্চ) ক্যাম্পাসের কুকুর-বিড়ালদের মাঝে খাবার বিতরণ করেন তিনি।

আরও পড়ুন: কুবিতে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ক্যাম্পাস বন্ধ থাকায় অনেক প্রাণী নিয়মিত খাবার পায় না। তাদের ক্ষুধা মেটাতে ও কষ্ট লাঘবে এই খাবার বিতরণের উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি।

এ বিষয়ে শাহরিয়ার হোসেন বলেন, “রাস্তা ও ক্যাম্পাসে থাকা অনেক প্রাণী প্রতিদিন খাবারের জন্য সংগ্রাম করে। তাদের কথা ভেবেই এই আয়োজন। আমরা চাই, সবাই নিজ নিজ অবস্থান থেকে এসব নির্বাক প্রাণীর পাশে দাঁড়াক।”

আরও পড়ুন: স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে ঢাবি

জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “ক্যাম্পাসে নিয়মিত শিক্ষার্থীদের উপস্থিতি না থাকায় এসব প্রাণী খাবার সংকটে পড়েছে। তাদের কষ্ট লাঘবে আমাদের এই ছোট উদ্যোগ। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।”

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা সবসময় অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এই প্রাণীগুলোরও বেঁচে থাকার অধিকার আছে। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তাদের জন্য কিছু করার চেষ্টা করছি।”

অভুক্ত প্রাণীদের খাবার প্রদানকালে মো. শাহরিয়ার হোসেনকে সহযোগিতা করেন জকসুর পরিবহন সম্পাদক ও ছাত্রদলের আহ্বায়ক সদস্য মাহিদ হোসেনসহ সংগঠনটির একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।