আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, ৪.৫৩ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ন, ২৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:৪৫ পূর্বাহ্ন, ২৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়-এর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আজ শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের বিভাগীয় ও জেলা শহরের ১৩৮টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেওয়া হবে।

এ বছর ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ৪ লাখ ৫৩ হাজার শিক্ষার্থী। সারাদেশে ৮৮০টি কলেজে (৩৭৫টি সরকারি ও ৫০৫টি বেসরকারি) মোট ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি আসনের বিপরীতে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন: যবিপ্রবিতে ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রামের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নে কাজ করছে বিজমেকার

তথ্য অনুযায়ী, সরকারি কলেজগুলোর ২ লাখ ৭০ হাজার ৫২০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩ লাখ ৯৪ হাজার ২২৯ জন শিক্ষার্থী। অন্যদিকে বেসরকারি কলেজের ১ লাখ ৮২ হাজার ৩৫৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫৮ হাজার ১১৯ জন।

ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ে প্রবেশপত্র ডাউনলোড করতে না পারা শিক্ষার্থীদের প্রাথমিক আবেদন ফরম, এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড এবং এসএমএসে পাওয়া রোল নম্বরসহ নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হতে হবে। তবে আবেদন ফরমের ছবির সঙ্গে উপস্থিতির ছবির অমিল থাকলে পরীক্ষায় অংশ নেওয়া যাবে না।

আরও পড়ুন: বার্মিজ ভাষা প্রশিক্ষণ প্রকল্পে সাফল্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় ইউনেস্কো

পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাও দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—প্রবেশপত্র প্রিন্ট করে সঙ্গে রাখা, কালো কালি কলম ব্যবহার, নির্ধারিত সময়ের আগে কেন্দ্রে উপস্থিত হওয়া এবং মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ রাখা।

এছাড়া পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। মোট ১০০ নম্বরের পরীক্ষা ১ ঘণ্টায় নেওয়া হবে, যেখানে প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর থাকবে। পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩৫।

মেধাতালিকা প্রণয়নে ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল যুক্ত করা হবে। এতে এসএসসির জিপিএর ৪০ শতাংশ (৪০ নম্বর) এবং এইচএসসির জিপিএর ৬০ শতাংশ (৬০ নম্বর) যোগ হয়ে মোট ২০০ নম্বরে চূড়ান্ত ফলাফল নির্ধারণ করা হবে।