রামিসা ধর্ষণের আসামির দ্রুত শাস্তির দাবিতে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের মানববন্ধন

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ন, ২৪ মে ২০২৬ | আপডেট: ১২:১৪ পূর্বাহ্ন, ২৭ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সারাদেশে খুন, শিশু নির্যাতন, নারী নির্যাতন এবং সাম্প্রতিক আলোচিত রামিসা ধর্ষণ মামলার মূল আসামির দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদী সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বস্ত্র প্রকৌশল বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিভাগের সাবেক শিক্ষার্থীরা অংশ নেন এবং নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন: জগন্নাথ হলে প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, ছাত্রদলের তিন নেতাকে অব্যাহতি

মানববন্ধনে উপস্থিত ছিলেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয় বস্ত্র প্রকৌশল বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি শরিকুল ইসলাম সৌরভ এবং সাধারণ সম্পাদক আরিফুর রবীনসহ বিভাগের অনেক সাবেক শিক্ষার্থী।

বক্তারা বলেন, দেশে ক্রমবর্ধমান নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক। বিশেষ করে রামিসা ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা এ ধরনের অপরাধ রোধে কঠোর আইন প্রয়োগ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন: বাংলাদেশে শিশু সুরক্ষা জোরদারে ঢাবিতে চালু হচ্ছে ডিপ্লোমা প্রোগ্রাম

এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেন। তারা নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেন।

মানববন্ধন শেষে আয়োজকরা জানান, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও অপরাধ দমনে সচেতন নাগরিক হিসেবে তারা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মসূচি চালিয়ে যাবেন।