গবেষণা সহযোগিতা জোরদারে ঢাবি-এসিইউ বৈঠক

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ন, ১১ জুন ২০২৬ | আপডেট: ১২:২৫ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বৈশ্বিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও Association of Commonwealth Universities (এসিইউ)-এর মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১১ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন ঢাবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এতে এসিইউর মহাসচিব অধ্যাপক কলিন রিওর্ডান এবং দক্ষিণ এশিয়ায় মেম্বারশিপ এনগেজমেন্ট লিড ইকিতা পোখারনা বক্তব্য দেন।

আরও পড়ুন: ঢাবি উপাচার্যের সঙ্গে রাশিয়ার প্রতিনিধিদলের সাক্ষাৎ

বৈঠকে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বৈশ্বিক নেটওয়ার্ক সম্প্রসারণ, যৌথ গবেষণার সুযোগ বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য কমনওয়েলথভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা, বৃত্তি ও ফেলোশিপের সুযোগ বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও কমনওয়েলথভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং উদ্বুদ্ধকরণ কর্মসূচি চালুর সম্ভাবনাও উঠে আসে। অংশগ্রহণকারীরা বলেন, উদ্ভাবন ও উদ্যোক্তা ইকোসিস্টেম শক্তিশালী করতে বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন, যা শিক্ষার্থী ও গবেষকদের উদ্ভাবনী ধারণাকে বাস্তবসম্মত সমাধানে রূপ দিতে সহায়তা করবে।

আরও পড়ুন: ‘মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আইনি প্রতিনিধিত্ব’ বিষয়ক সেমিনার, গবেষণা প্রতিবেদন প্রকাশ

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ডিজিটাল রূপান্তর এবং শিক্ষা, গবেষণা ও শিখন কার্যক্রমে উদীয়মান প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করা জরুরি। একইসঙ্গে তিনি অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক উচ্চশিক্ষা ব্যবস্থার প্রসারের ওপর গুরুত্বারোপ করেন, যাতে কোনো শিক্ষার্থী পিছিয়ে না থাকে।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সফরের জন্য এসিইউ মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করেন, এই সফর কমনওয়েলথভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ঢাবির সহযোগিতামূলক সম্পর্ককে নতুন মাত্রা দেবে। শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে এসিইউর অব্যাহত সহযোগিতাও কামনা করেন তিনি।

বৈঠকে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রাধ্যক্ষ, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউট পরিচালক এবং প্রক্টর উপস্থিত ছিলেন।

পরে এসিইউ মহাসচিব উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন বিষয়ে পৃথক বৈঠক করেন।