মাধবপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেজুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: বিজিবির অভিযানে ১৭৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, উদ্ধার ১৬ লাখ ইয়াবা
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, একটি সিএনজিচালিত অটোরিকশা ভেতরের সড়ক থেকে মহাসড়কে উঠার সময় দ্রুতগতির একটি ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ফলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও এক নারী যাত্রীর মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত আরও দুই যাত্রীকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন।
আরও পড়ুন: সিংড়ায় আকস্মিক বন্যায় লোকসানে ভুট্টা চাষী
পুলিশ জানায়, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





