ঢাবির রোকেয়া হলে কাঁঠাল পড়ে মালির মৃত্যু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হল প্রাঙ্গণে গাছ থেকে কাঁঠাল পাড়ার সময় মাথায় কাঁঠাল পড়ে এক মালির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম ছিয়াকুল (৩৯)। তিনি নড়াইলের নড়াগাতী থানা এলাকার বাসিন্দা ছিলেন। কর্মসূত্রে তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল এলাকায় থাকতেন।
আরও পড়ুন: চবি’তে ৩ হাজার শিক্ষার্থীর ফ্রি মেডিকেল ক্যাম্প বন্ধের অভিযোগ জিএস হাবীবের বিরুদ্ধে
নিহতের সহকর্মী সুনীল চৌহান জানান, তারা দুজনই রোকেয়া হলে মালি হিসেবে কর্মরত ছিলেন। সকালে হল প্রাঙ্গণের একটি গাছ থেকে কাঁঠাল পাড়ার কাজ করছিলেন। এ সময় ছিয়াকুল একটি টেবিলের ওপর দাঁড়িয়ে বাঁশ দিয়ে কাঁঠাল নামানোর চেষ্টা করছিলেন। হঠাৎ একটি কাঁঠাল সরাসরি তার মাথার ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে সহকর্মীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: এভারেস্ট জয়ী ঢাবির শিক্ষার্থী নুরুন্নাহার নিম্নিকে সংবর্ধনা
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহবাগ থানাকে অবহিত করা হয়েছে।





