গবিতে ‘ফিউচার রেডি ফার্মাসিস্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Sanchoy Biswas
মবিনুল ইসলাম রাশা, গবি প্রতিনিধি
প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ন, ২৫ জুন ২০২৬ | আপডেট: ৭:১২ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ফার্মেসি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে ‘Future Ready Pharmacists: Leadership, Innovation, AI and Global Career Opportunities in the Evolving Healthcare Landscape’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের আইকিউএসি সভাকক্ষে আয়োজিত সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।

আরও পড়ুন: ঢাবিতে খানবাহাদুর আহ্ছানউল্লার শিক্ষা ও অধ্যাত্মচেতনা নিয়ে সেমিনার

সেমিনারের মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্যাম স্কিন হেলথের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার আরিফিন। তিনি ফার্মাসিস্টদের পরিবর্তিত ভূমিকা, ফার্মেসি প্র্যাকটিসের বিবর্তন, বৈশ্বিক স্বাস্থ্যসেবার পরিবর্তন, ডিজিটাল হেলথ, মাল্টিডিসিপ্লিনারি হেলথকেয়ারে ফার্মাসিস্টদের ভূমিকা, নেতৃত্বের বিকাশ, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রাগ ডিসকভারি, রোবোটিক্স ও অটোমেশনসহ ভবিষ্যতে ফার্মাসিস্টদের চ্যালেঞ্জ, দক্ষতা উন্নয়ন এবং আধুনিক স্বাস্থ্যসেবায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয় নিয়ে আলোচনা করেন।

মো. শাহরিয়ার আরিফিন বলেন, ‘পরিবর্তনশীল স্বাস্থ্যসেবা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে বর্তমান ও ভবিষ্যৎ ফার্মাসিস্টদের প্রযুক্তিগত জ্ঞান, পেশাগত দক্ষতা ও গবেষণার সক্ষমতা বৃদ্ধি করতে হবে। আধুনিক স্বাস্থ্যসেবায় ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চিত করতে দক্ষতা উন্নয়ন এবং নতুন প্রযুক্তির সঙ্গে মানিয়ে নেওয়া জরুরি।’

আরও পড়ুন: ছাত্রদল নেতার উদ্যোগে ঢাবির বিজয় একাত্তর হলে গঠিত হচ্ছে ফিল্ম ক্লাব

উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন বলেন, ‘ফার্মেসি বিভাগ বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ ও বৃহৎ বিভাগ। আমাদের প্রত্যাশা, বিভাগ থেকে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হবে। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। এছাড়া প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ এবং গবেষণা কার্যক্রম ও ল্যাব উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে।’

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন ড. মো. ফুয়াদ হোসেন, ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোসা. রোজিনা পারুলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।