নতুন নির্দেশনা জারি করল জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ই-মেইল যোগাযোগের ক্ষেত্রে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া অফিসিয়াল ই-মেইল আইডি (কলেজ কোড@nu.ac.bd) ব্যবহার করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ব্যক্তিগত বা অন্য কোনো ই-মেইল আইডি থেকে পাঠানো আবেদন, তথ্য বা দাপ্তরিক বার্তা গ্রহণ করা হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: গণ বিশ্ববিদ্যালয়ে জুন-২৬ সেশনের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এ বিষয়ে এর আগে ২০২৫ সালের ২৮ জুলাইও একই ধরনের নির্দেশনা জারি করা হয়েছিল। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছিল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে ই-মেইলের মাধ্যমে আবেদন বা তথ্য পাঠানোর ক্ষেত্রে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় কর্তৃক সরবরাহ করা অফিসিয়াল ই-মেইল আইডি (কলেজ কোড@nu.ac.bd) ব্যবহার করতে হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বের নির্দেশনা থাকা সত্ত্বেও অনেক অধিভুক্ত কলেজ এখনো ব্যক্তিগত বা বিকল্প ই-মেইল আইডি ব্যবহার করে আবেদন ও তথ্য পাঠাচ্ছে। এতে দাপ্তরিক কার্যক্রমে বিলম্ব হচ্ছে এবং আবেদন বা তথ্য অনুমোদিত কর্তৃপক্ষের মাধ্যমে পাঠানো হয়েছে কি না, তা যাচাই করতেও জটিলতা সৃষ্টি হচ্ছে। ফলে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে।
আরও পড়ুন: ছাত্র নেতা আবিদের সেই আহ্বান এবার টিএসসি মেট্রোস্টেশনের গ্রাফিতিতে
এ অবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তরের নির্ধারিত ই-মেইল ([college.inspection@nu.ac.bd](mailto:college.inspection@nu.ac.bd))-এ যেকোনো আবেদন, তথ্য বা দাপ্তরিক যোগাযোগ পাঠানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল ‘কলেজ কোড@nu.ac.bd’ ই-মেইল আইডি ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় স্পষ্টভাবে জানিয়েছে, অন্য কোনো ব্যক্তিগত বা বিকল্প ই-মেইল আইডি থেকে পাঠানো আবেদন, তথ্য কিংবা দাপ্তরিক যোগাযোগ কোনো অবস্থাতেই গ্রহণ করা হবে না।





