আজ এমপিওভুক্তির দাবিতে শহীদ মিনারে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন
এমপিওভুক্তির দাবিতে রাজধানীতে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করবেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ নন-এমপিও (বেতন-বিহীন) শিক্ষক-কর্মচারী পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সংগঠনটির আবেদনের পরিপ্রেক্ষিতে শর্তসাপেক্ষে কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আরও পড়ুন: ঢাবিতে ‘কালো দিবস’ পালিত
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপারেশনস) মো. মাহবুব হোসেন কামাল স্বাক্ষরিত অনুমতিপত্রে নির্ধারিত সময় ও স্থানে শান্তিপূর্ণভাবে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। কর্মসূচি ঘিরে পুলিশ মোট ২১টি শর্ত দিয়েছে।
শর্ত অনুযায়ী, অনুমোদিত স্থানের বাইরে কর্মসূচি পালন করা যাবে না এবং নির্ধারিত সময়ের মধ্যেই কর্মসূচি শেষ করতে হবে। ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বক্তব্য বা প্রচার, উসকানিমূলক বক্তব্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে—এমন কোনো কর্মকাণ্ড থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
আরও পড়ুন: ‘ক্ষমতার দাপট নয়, সহমর্মিতার রাজনীতি চাই’
এ ছাড়া কর্মসূচিতে মাদকদ্রব্য ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হয়—এমন কোনো কর্মকাণ্ড না করার পাশাপাশি পুলিশের নির্দেশনা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। অংশগ্রহণকারীদের যানবাহন পার্কিংয়ের জন্য সংগঠনের পক্ষ থেকে নিজস্ব ব্যবস্থাপনা নিশ্চিত করতে বলা হয়েছে।
অনুমতিপত্রে আরও বলা হয়, কর্মসূচির কারণে জনসাধারণের চলাচলে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করা যাবে না। অনুমোদিত স্থানের বাইরে কাউকে মানববন্ধন করতে দেওয়া যাবে না। কোনো বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে এর দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে।
নন-এমপিও শিক্ষক-কর্মচারী পরিষদের সদস্যসচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, বছরের পর বছর নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন। যোগ্য নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করে শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করাই তাদের একমাত্র দাবি।





