গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে, নবায়ন নিয়ে অনিশ্চয়তা
বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। তবে চুক্তি নবায়ন কিংবা নতুন চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে এখনো সমঝোতা হয়নি। বাংলাদেশ নতুন চুক্তিতে পানির প্রাপ্যতা নিশ্চিতে বিশেষ ধারা যুক্ত করার দাবি জানালেও ভারতের অভ্যন্তরে বর্তমান কাঠামোয় চুক্তি নবায়নের বিরোধিতা রয়েছে। এর মধ্যে ঢাকায় দুই দেশের যৌথ কমিটির বৈঠক অনুষ্ঠিত হলেও চুক্তি নবায়ন নিয়ে কোনো আলোচনা হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৬ সালের গঙ্গার পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন নিয়ে সম্প্রতি ঢাকায় বৈঠক করেছে বাংলাদেশ ও ভারত। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে এটি নবায়নের বিষয়ে কোনো আলোচনা হয়নি। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।
আরও পড়ুন: গ্রামীণ ব্যাংকে ধারাবাহিক অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ইউনূসের
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পক্ষ থেকে চুক্তিতে পানির নিশ্চয়তাসংক্রান্ত ধারা যুক্ত করার দাবি এবং ভারতের পক্ষ থেকে চুক্তির অর্থনৈতিক ও পরিবেশগত প্রভাব নিয়ে আপত্তি নবায়নের আলোচনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে এনডিটিভি জানায়, ভারতের অভ্যন্তরেও অনেকে মনে করছেন, এই চুক্তির কারণে দেশটি বড় ধরনের অর্থনৈতিক ও পরিবেশগত ক্ষতির মুখে পড়েছে। তাই চুক্তি নবায়নের আগে এসব বিষয় সমাধান করা প্রয়োজন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির নেতাদের সংলাপ, ফ্যাসিস্টের ঐক্যবদ্ধভাবে মোকাবিলার প্রতিশ্রুতি
এর আগে গত সপ্তাহান্তে ঢাকায় অনুষ্ঠিত গঙ্গার পানিবণ্টন চুক্তি বাস্তবায়নসংক্রান্ত যৌথ কমিটির ৯১তম নিয়মিত বৈঠকে ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়। চুক্তির আওতায় গঠিত যৌথ কমিটির প্রতিনিধিরা এতে অংশ নেন।
১৯৯৬ সালে চুক্তি স্বাক্ষরের পর এর বিধান অনুযায়ী দুই দেশের সমসংখ্যক মনোনীত প্রতিনিধি নিয়ে যৌথ কমিটি গঠন করা হয়। প্রতিবছর নিয়মিতভাবে এই কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
যৌথ কমিটিতে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির। অন্যদিকে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির জলশক্তি মন্ত্রণালয়ের পানিসম্পদ, নদী উন্নয়ন ও গঙ্গা পুনরুজ্জীবন বিভাগের কমিশনার (এফএম) এবং যৌথ নদী কমিশনের সদস্য শরদ চন্দ্র।
এর আগে যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯১তম বৈঠকে অংশ নিতে ভারতের জলশক্তি মন্ত্রণালয়ের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় আসে। গত শনিবার বিকেলে ঢাকায় পৌঁছান ভারতীয় প্রতিনিধিরা। বৈঠক শেষে সোমবার (২৩ নভেম্বর) তাঁদের ঢাকা ছাড়ার কথা।
৩০ বছর মেয়াদি চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হওয়ার আগে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ায় বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। তবে যৌথ কমিশনের বৈঠকের আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে চুক্তি নবায়ন কিংবা নতুন কোনো চুক্তি স্বাক্ষরের বিষয় অন্তর্ভুক্ত ছিল না।
এদিকে চুক্তি নবায়নের আগে এতে পানির নিশ্চয়তাসংক্রান্ত ধারা যুক্ত করার দাবি জানিয়ে আসছে বাংলাদেশের বিভিন্ন মহল। অন্যদিকে ভারতের বিশেষ করে বিহার রাজ্যের পক্ষ থেকে বলা হচ্ছে, বর্তমান কাঠামোয় চুক্তিটি নবায়ন করা সম্ভব নয়।
ভারতের রাজ্যসভার সদস্য এবং জনতা দল (ইউনাইটেড)-এর জাতীয় কার্যকরী সভাপতি সঞ্জয় কুমার ঝা বলেন, ৩০ বছরের তথ্য-উপাত্তে দেখা গেছে, ১৯৯৬ সালের ভারত-বাংলাদেশ গঙ্গার পানিবণ্টন চুক্তির কারণে গুরুতর পরিবেশগত ও অর্থনৈতিক ক্ষতি হয়েছে, বিশেষ করে বিহারের ক্ষেত্রে।
তিনি বলেন, ২০২৬ সালের ১২ ডিসেম্বর চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। জনতা দল (ইউনাইটেড)-এর অবস্থান হলো, বর্তমান কাঠামোয় চুক্তিটি নবায়ন করা উচিত নয়। ভারতের উচিত চুক্তির মেয়াদ শেষ হতে দেওয়া এবং ২০৫০ সাল পর্যন্ত বিহারসহ অববাহিকার অন্যান্য রাজ্যের বৈজ্ঞানিকভাবে নিরূপিত পানির চাহিদার ভিত্তিতে নতুন করে আলোচনা করা। এ ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় বিহারের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
জনতা দল (ইউনাইটেড) ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের (এনডিএ) শরিক দল। ফারাক্কা ব্যারাজ নিয়ে দলটি বরাবরই উদ্বেগ জানিয়ে আসছে।
অন্যদিকে পশ্চিমবঙ্গের জন্য ফারাক্কায় গঙ্গার পানি হুগলি নদীতে প্রবাহিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলকাতা ও আশপাশের বিস্তীর্ণ অঞ্চলের পানির চাহিদা এবং কলকাতা বন্দরের নাব্যতা অনেকটাই এই পানিপ্রবাহের ওপর নির্ভরশীল। বাংলাদেশে প্রবেশের কয়েক কিলোমিটার আগে গঙ্গার ওপর নির্মিত ফারাক্কা ব্যারাজের মাধ্যমে এই পানি হুগলি নদীতে প্রবাহিত করা হয়।
সব মিলিয়ে ৩০ বছর মেয়াদি ভারত-বাংলাদেশ গঙ্গার পানিবণ্টন চুক্তির নবায়ন দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ।
গত মাসে বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী সাংবাদিকদের বলেছিলেন, ‘নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো নিশ্চয়তাসংক্রান্ত ধারা পুনর্বহাল করা বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার।’
এদিকে আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়া এবং চুক্তি নবায়ন না করার দাবি প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘গঙ্গাসহ আন্তসীমান্ত নদীর পানিসংক্রান্ত সব বিষয় আলোচনার জন্য ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন একটি প্রতিষ্ঠিত কাঠামো। ভারতের স্বার্থ সুরক্ষার পাশাপাশি বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে ভারত সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’
উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঙ্গার পানিবণ্টন চুক্তিতে সই করেন। এটি ভারত ও বাংলাদেশের মধ্যে ৩০ বছর মেয়াদি একটি দ্বিপক্ষীয় চুক্তি। এর আওতায় প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত শুষ্ক মৌসুমে পশ্চিমবঙ্গের ফারাক্কা ব্যারাজে গঙ্গার পানির বণ্টন নির্ধারণ করা হয়।





