পাবনায় বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:১৭ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: মানিকগঞ্জের ঐতিহ্য হাজারী গুড় তৈরির জন্য ব্যস্ত সময় পার করছে হাজারী পরিবার

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আহতদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সন্ধ্যায় মাজদিয়া এলাকায় বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত তাঁদের ওপর অতর্কিত হামলা চালায় এবং লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হন।

আরও পড়ুন: মঠবাড়িয়ায় কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামি এসআরবির হাতে গ্রেপ্তার

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সাদিয়া ফেরদৌস জানান, গুলিবিদ্ধ পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের প্রত্যেকের পায়ে গুলি লেগেছে। গুলিগুলো শরীরের গভীরে থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেগুলো অপসারণ করা সম্ভব হয়নি। আহতদের অবস্থা বিবেচনায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।