কলকাতার উৎসবে বাংলাদেশের ‘নোনা পানি’
আগামি ৫ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বেঙ্গল ক্রিয়েশন লিমিটেড প্রযোজিত ও সৈয়দা নিগার বানু পরিচালিত দক্ষিণাঞ্চলের গ্রামীণ জনগোষ্ঠীর গল্পে নির্মিত ‘নোনা পানি’ সিনেমাটি ২৯তম কলকাতা সে আসরে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে। মর্যাদাপূর্ণ এই উৎসবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে চলচ্চিত্রটি। ‘এশিয়া সিলেক্ট’ বিভাগে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।
বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গ্রামীণ জনগোষ্ঠীর গল্প চলচ্চিত্রের পর্দায় তেমনভাবে উঠে আসে না। আর সেটাই দেখা যাবে ‘নোনা পানি’ চলচ্চিত্রটিতে।
আরও পড়ুন: দীঘির সঙ্গে প্রথমবারের মত মোশাররফ করিম ও শিমু
সৈয়দা নিগার বানু বললেন, “নোনা পানি’ টিমের জন্য এটা খুবই আনন্দের যে, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মধ্য দিয়ে চলচ্চিত্রটি ওয়ার্ল্ড সিনেমায় যাত্রা শুরু করল। আমরা আশা করছি, বাংলাদেশের সুন্দরবনসংলগ্ন সাধারণ মানুষের অবলা গল্পটি বিশ্ববাসীর কাছে পৌঁছে যাবে।”
ঘূর্ণিঝড় আইলার শিকার রোম্বা একজন স্বামী পরিত্যক্ত নারী, একই সঙ্গে মা। জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়ে তিনি তাঁর ছোট ছেলে সোহাগকে নিয়ে ভাগ্য পরিবর্তনের আশায় অভিবাসিত হয় বটখালি গ্রামে। নদী থেকে চিংড়ির রেণু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন তিনি। অন্যদিকে, যাত্রাদলের কৃষ্ণা, যার একটি সুরেলা কণ্ঠ থাকলেও শরীরটা মোটেও আকর্ষণীয় নয়। তাই পুশআপ অন্তর্বাস পরে একসময় নায়িকা হয়ে উঠে সে। তখন টিকে থাকার লড়াইয়ে জয় পরাজয়ের মুখোমুখি হতে হয় তাঁকে।
আরও পড়ুন: আইসিইউতে চিকিৎসাধীন অভিনেতা মামুনুর রশীদ
আবুল খায়ের লিটু প্রযোজিত ‘নোনা পানি’ চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন নেহাল কোরেয়েশী। সম্পাদনা করেছেন ইকবাল কবীর জুয়েল। অভিনয়ে রয়েছেন বিলকিস বানু, রাকিবুল হক রিপন, জয়িতা মহলনাবিশ, রুবল লোদী, জয়ন্ত চট্টোপাধ্যায়, বীণা মজুমদার, সুকান্ত সরকার প্রমুখ। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে সিনেমাটির পরিবেশনা করছেন চলচ্চিত্র নির্মাতা খন্দকার সুমন।





